শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন তদন্তে আইনি বাধা নেই: ক্রিস সিডোটি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা যাবে না—বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন আইনে এমন কোনো বিষয় নেই।
এ মন্তব্য করেছেন এশিয়া প্যাসিফিক ফোরামের জ্যেষ্ঠ পরামর্শক ক্রিস সেডোটি। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে মানবাধিকার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা ও কার্যক্রম মূল্যায়নের জন্য দুই সদস্যের একটি দল এখন ঢাকায় আছে। ক্রিস তাদের একজন। অন্যজন হলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নেন্স, কনফ্লিক্ট প্রিভেনশন, অ্যাকসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগের কর্মসূচি পরামর্শক নিকোলাস বুথ। এশিয়া প্যাসিফিক ফোরাম এশিয়ার ২৪টি দেশের জাতীয় মানবাধিকার কমিশনের একটি সংস্থা। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনও এর সদস্য। ইউএনডিপি ও ফোরাম ২০১৩ সালে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা নিয়ে একটি মূল্যায়ন করেছিল। সে সময় তারা বেশ কিছু সুপারিশও দেয়।
আজ এই দুজন মূলত মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের মূল্যায়ন শুনতে চান। সাংবাদিকদের মন্তব্যের পর সংক্ষিপ্ত আলোচনায় ক্রিস আরও বলেন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন আইনের ১৮ অনুচ্ছেদে শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন চাওয়ার বিষয় উল্লেখ আছে। তবে কমিশন এসব বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারবে না—এমন কোনো বিষয় নেই আইনে।
তিন বছর আগে মানবাধিকার কমিশনের সক্ষমতা ও কর্মকাণ্ড নিয়ে যেসব সুপারিশ করা হয়েছিল, তা কতটুকু বাস্তবায়িত হয়েছে—এমন প্রশ্নের জবাবে ক্রিস সেডোটি বলেন, ‘আমরা মনে করি, সুপারিশ অনুযায়ী কাজ হয়েছে। মানবাধিকার কমিশনের কর্মকাণ্ডের অগ্রগতি হয়েছে।’