শেখ হাসিনার কাছে অনেক কিছু শেখার আছে: ইউজিসি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান
আবদুল মান্নান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ ডিজিটালের দিকে একধাপ এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার কাছে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন আবদুল মান্নান। শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল।
আবদুল মান্নান বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর বিচক্ষণতার সঙ্গে দেশ ও দলের হাল ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিহ্ন হয়ে যেত। দেশ হতো পাকিস্তান ও আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র।
নীল দলের সভাপতি মো. আশরাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, নীল দলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক জুনায়েদ আহমদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘ফিরে না এলে বাংলাদেশ হতো পাকিস্তান’ শীর্ষক প্রবন্ধ পড়েন বাংলা বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাস।