শেখ হাসিনার জন্মদিনে দিনভর বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উদ্যাপন করেছে বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার রাজধানীতে এ উপলক্ষে দিনভর পৃথক কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শেখ হাসিনা চেতনা গবেষণা পরিষদের সভায় বক্তারা বলেন, কিছু মানুষ আছেন যাঁদের সাধারণ মানুষ প্রতিদিনই স্মরণ করে। কোনো উপলক্ষ তৈরি করে তাঁদের স্মরণ করতে হয় না। শেখ হাসিনা তেমনই একজন ব্যক্তিত্ব। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শেখ হাসিনা কূটনৈতিক দক্ষতার কারণে দক্ষিণ এশিয়ার নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, শেখ হাসিনার চিন্তাভাবনার গভীরতা ঈর্ষণীয়। সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য—সব বিষয়েই তাঁর জ্ঞানের ছাপ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণ শেখ হাসিনাকে এমন জায়গায় নিয়ে এসেছে যে মানুষ তাঁকে প্রতিদিনই স্মরণ করে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, শেখ হাসিনা রাজপথে ছিলেন, বিয়ে হওয়ার পর পুরোপুরি গৃহিণী হয়ে গিয়েছিলেন। কিন্তু ইতিহাস তাঁকে আবার টেনে এনেছিল রাজপথে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঝুঁকি নেওয়ার দুঃসাহস না থাকলে রাজনীতিতে টিকে থাকা যায় না। ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে ‘শান্তি উন্নয়ন ও গণতন্ত্র সংগ্রামে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাঁর মোহাম্মদপুর-আদাবর নির্বাচনী এলাকার ১৫০টি এতিম শিশুকে জড়ো করেন শাহবাগ শহীদ জিয়া শিশুপার্কে। সেখানে শিশুরা খেলাধুলা করে এবং ভালো খাবার খেয়ে আনন্দ উপভোগ করে। তরুণ লীগ ৬৪ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন উদ্যাপন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনটি উদ্যাপনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। এরপর রমনা পার্কের গেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদ্যাপন করেছে। কৃষক শ্রমিক জনতা লীগ এক বিবৃতিতে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সংসদে মিষ্টিমুখ: জাতীয় সংসদের পক্ষ থেকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে সংসদে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। সংসদের মঙ্গলবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির আগে স্পিকারের দায়িত্বে থাকা সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আলী আশরাফ এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর ৬৪তম জন্মদিন। এ শুভদিনে প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাই। কামনা করি তাঁর দীর্ঘায়ু।’প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আশরাফ নামাজের পর সাংসদ, সাংবাদিক এবং সংসদ ভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ জানান। ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার সংসদে সবাইকে মিষ্টিমুখ করাতে আগে থেকেই মিষ্টি নিয়ে আসেন। এদিকে সন্ধ্যায় গণভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মোদ্দাচ্ছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।