শেখেরটেকে পানি না থাকায় ওয়াসার দুঃখ প্রকাশ
মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার কয়েকটি সড়কে পানি সরবরাহে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। পানি সরবরাহ স্বাভাবিক করতে শেখেরটেক ৭ নম্বরে অবস্থিত রফিক হাউজিং পানির পাম্পটি দ্রুততম সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে বলেও ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে।
শেখেরটেক এলাকায় অবস্থিত ওয়াসার রফিক হাউজিং পানির পাম্পটি ৬ নভেম্বর বিকল হয়ে যায়। কর্তৃপক্ষ বিকল্প পানির ব্যবস্থা না করায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে ওঠে। এ বিষয়ে ১৬ নভেম্বর প্রথম আলোতে ‘শেখেরটেক এলাকায় পানি নেই নয় দিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার মডস জোন-৩-এর আওতাধীন রফিক হাউজিং পানির পাম্পটি হঠাৎ বিকল হওয়ায় পি সি কালচার (শেখেরটেক টেক), রফিক হাউজিং এবং শ্যামলী হাউজিং প্রকল্প-১ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ওই পাম্পটি প্রতিস্থাপনের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক পানি সরবরাহ বিঘ্নিত হবে। তবে এসব এলাকায় পানির গাড়ি ও ট্রলি দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। বিকল হওয়া পাম্পটি প্রতিস্থাপনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।