শেষ দিনেও মুগ্ধতার আবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দেব পাহাড় এলাকার পেশাদার আলোকচিত্রী জাবির আহমেদ চৌধুরী ঢাকায় কাজে এসেছেন গত সোমবার। কয়েক দিন থাকবেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এসেছিলেন জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রদর্শনী দেখতে। গতকালই ছিল সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর শেষ দিন। শেষ দিনেও এ প্রদর্শনী মুগ্ধতা ছড়িয়ে দিল দর্শকদের মাঝে।
দেশবরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম আলো ৯ মার্চ থেকে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রথমে ১২ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলার কথা ছিল। তবে দর্শকদের অনুরোধে এর মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
কাইয়ুম চৌধুরীর নান্দনিক ও ব্যবহারিক উভয় মাধ্যমেই বিপুল বৈচিত্র্যময় কাজ করেছেন। বিশেষ করে বইয়ের প্রচ্ছদ, অলংকরণ, পোস্টারের নকশা করাসহ ব্যবহারিক শিল্পকলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের জনরুচি নির্মাণে তাঁর ভূমিকা তাৎপর্যপূর্ণ। প্রথম আলোর শুরু থেকেই তিনি পত্রিকাটির সঙ্গে সংযুক্ত ছিলেন। কাজ করেছেন এর শিল্প উপদেষ্টা হিসেবে। প্রথম আলোর বিভিন্ন পাতার নকশা, বিশেষ সংখ্যার প্রচ্ছদ, অঙ্গসজ্জাসহ হরেক রকম কাজ করেছেন তিনি। এসব নিয়েই প্রদর্শনী। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে করা তাঁর কয়েকটি নান্দনিক শিল্পকর্ম এবং তাঁকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীর পরিকল্পনা শিল্পসম্ভার উপস্থাপনা করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান ও প্রথম আলোর প্রধান শিল্পনির্দেশক শিল্পী অশোক কর্মকার।
গতকাল প্রদর্শনীর শেষ দিনেও প্রচুর দশক এসেছিলেন। তাঁদেরই একজন চট্টগ্রামের জাবির আহমেদ চৌধুরী। তিনি বলেন, ঢাকায় যেসব কাজে এসেছেন, তার মধ্যে এই প্রদর্শনী দেখার বিষয়টিও ছিল। পত্রিকার খবর থেকে প্রদর্শনীটির বিষয়ে জেনে আগ্রহ তৈরি হয়েছিল এটি দেখার। কাজ, শিল্পসম্ভারের উপস্থাপনা, সব মিলিয়ে অন্য রকম লেগেছে প্রদর্শনী। প্রদর্শনী দেখে ভালো লাগার কথা ছিল দর্শকদের সবার মুখেই। বাংলামোটর থেকে এসেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শাহানা হোসেন, বনশ্রী থেকে এসেছিলেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তা শওকত আলীসহ অনেকেই। তাঁরাও জানালেন মুগ্ধতার কথা। শেষ দিনের সন্ধ্যায় এসেছিলেন শিল্পীর স্ত্রী তাহেরা খানম ও ছেলে মইনুল ইসলাম। শিল্পীর রেখে যাওয়া কাজ স্মৃতিকাতর করে তুলেছিল তাঁদের। শিল্পী কাইয়ুম চৌধুরী নেই, তিনি থেকে যাবেন জনমানুষের স্মৃতি ও ভালোবাসার ভেতরে।