শেষ মুহূর্তে রক্ষা
চলন্ত ট্রেন দেখেই ঘাবড়ে গেলেন গাড়িচালক। রেললাইনের ওপরে উঠে পড়া গাড়িটি ভয়ে আর সরাতে পারছিলেন না। এর মধ্যে ট্রেনও খুব কাছাকাছি এসে পড়ে। কী যেন কী হয় তা নিয়ে শুরু হয় উত্সুক মানুষের ছোটাছুটি। শেষ পর্যন্ত লাল নিশান হাতে গেটম্যান দাঁড়াতেই থেমে যায় চলন্ত ট্রেনটি। হাফ ছেড়ে বাঁচেন সবাই। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে রাজধানীর মগবাজার রেলক্রসিয়ে। গেটম্যান রইসউদ্দিন প্রথম আলোকে জানান, রাজশাহী থেকে কমলাপুরে আসছিল আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। মগবাজার রেলক্রসিংয়ের দুই দিকেই ওই সময় ছিল দীর্ঘ যানজট। ট্রেন আসার সংকেত পাওয়ার পর গেট নামিয়ে দেওয়া হয়। কিন্তু মগবাজারমুখী দুটি প্রাইভেট কার রেললাইনের মাঝখানে পড়ে থাকে। আশেপাশের লোকজনের চেঁচামেচিতে একটি গাড়ি যানজট ঠেলে লাইন পেরিয়ে যেতে পারলেও অন্যটির চালক ভয়ে রেললাইনের ওপর গাড়ি ফেলে নেমে যান। এ অবস্থায় ট্রেনও আসতে থাকে। প্রত্যক্ষদর্শী আবুল হাসান বলেন, প্রাইভেট কারটি চেষ্টা করলে চলে যেতে পারত। কিন্তু ভয়ে চালক ও আরোহী নেমে যান। এর একপর্যায়ে পথচারী ও গেটম্যানের পীড়াপীড়িতে চালক গাড়িটি সরানোর চেষ্টা শুরু করেন। কিন্তু ট্রেন আসছে দেখে তিনি সামনের দিকে গিয়ে রেললাইনের ওপর দিয়ে যেতে থাকেন। এর একপর্যায়ে গেটম্যান লাল নিশান দেখালে ট্রেনটি থেমে যায়। এরপর প্রাইভেট কারটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।