শেষ সম্বলটুকু বাঁচাতে হুড়োহুড়ি

গুলশান-১ ডিএনসিসি পাকা মার্কেট অংশের দোকানগুলোর শেষ সম্বলটুকু বাঁচাতে চলছে ব্যবসায়ীদের হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি। মার্কেটের মসজিদের পাশের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পানিতে মার্কেট চত্বরে এখন গোড়ালি সমান পানি।
এরই মধ্যে যে যেভাবে পারছেন, দোতলা এই ভবনের নিজের দোকান থেকে মালামাল বের করে জড়ো করছেন চত্বরে। একের পর এক পিকআপ ভ্যান আসছে। সেগুলোতে করে জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এই মার্কেটে মূলত কাপড়, শোপিস, জুয়েলারি, আসবাব, খেলনা, কাচের জিনিসপত্রের দোকান।
গতকাল মধ্যরাতে গুলশান ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় সকালের মধ্যেই ধসে পড়েছে কাঁচাবাজার অংশের তিনতলা ভবন। কিন্তু আগুনের ধোঁয়ায় ছেড়ে গেছে লাগোয়া গুলশান-১ ডিএনসিসি পাকা মার্কেট।

মার্কেটের খেলনার একটি দোকানের কর্মচারী মিজান। তিনি মালিকের সঙ্গে দোকানের মালপত্র বের করছেন। বলেন, ‘মালিকের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করতেছি। মাস শেষ। মালিক বেতনও দেয় না। মালিকও নিঃস্ব হলো, আমরাও বেকার হলাম।’
নিচতলাতেই ঝাড়বাতির দোকান শহিদুল্লাহর। মালিক, কর্মচারী ও স্বজনেরা মিলে ঝাড়বাতিগুলো বের করে সামনের চত্বরে রাখছেন। শহিদুল্লাহ বলেন, ‘পিকআপ আসতেছে। যা কিছু বের করতে পারছি, সব সরিয়ে নেব।’

নিচতলার আরেক দোকানদার জাকারিয়ার আসবাবের দোকান। সেখান থেকে আলমারি, খাট, ড্রেসিং টেবিলসহ বেশ কিছু আসবাব বের করে আনতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘রাত আড়াইটায় আসলেও মার্কেটে ঢুকতে পারি নাই। একটু আগে কয়েকটা জিনিসপত্র বের করছি। যেগুলো বের করছি, সবই ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে।’
দোতলায় থাকা কাপড়ের দোকানগুলো থেকে দোকানিরা ওপর থেকেই নিচে থাকা পিকআপ ভ্যানে কাপড়ের বান্ডেলগুলো ছুড়ে মারছেন।