শেষ হচ্ছে না সংস্কারকাজ

করোনার শুরু থেকেই পার্কটি বন্ধ। এক বছরে তেমন কোনো কাজ হয়নি। পার্ক বন্ধ থাকায় বয়স্কদের সমস্যা হচ্ছে বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে। এতে পার্কটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় লোকজন। সম্প্রতি গুলশান-১ নম্বরে
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর গুলশান-১ নম্বরের শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক সংস্কারে কার্যাদেশ দেওয়া হয়েছিল গত বছরের জুলাইয়ে। কাজ শেষ করার কথা এ বছরের এপ্রিলে। তবে কাজ শেষ না হওয়ায় ছয় মাস বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। অথচ এখন পর্যন্ত সংস্কারকাজের সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ।

পার্কটির সংস্কারকাজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা। কাজটি করছে এম আর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের স্থপতি মো. খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতির কারণে কাজ অনেক পিছিয়ে গেছে। এ ছাড়া যে পরিকল্পনা ও নকশা অনুযায়ী কাজ শুরু হয়েছিল, পরবর্তী সময়ে তাতে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। এসব কারণে সংস্কারকাজে বিলম্ব হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পার্কের চারপাশে টিনের বেড়া। ভেতরে পার্কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে। কোনো কোনো অংশে অবকাঠামো নির্মাণ হচ্ছে। এর মধ্যে দুটি ফটক ও একটি সার্ভিস ব্লক। সার্ভিস ব্লক অংশে পার্ক ব্যবস্থাপনার কার্যালয়, নামাজের কক্ষ ও শৌচাগার থাকবে। সার্ভিস ব্লকের কাজ প্রায় শেষ। তবে হাঁটার পথ নির্মাণের কাজ শুরু হয়নি। নকশা অনুযায়ী হাঁটার পথের ওপর যে ছাউনি থাকবে, এর পাইলিংয়ের কাজ শুধু হয়েছে। পার্কের ভেতরে পানিনিষ্কাশনের নালা তৈরির জন্য বিভিন্ন অংশে মাটি খুঁড়ে রাখা হয়েছে।

করোনার শুরু থেকেই পার্কটি বন্ধ। এক বছরে কোনো কাজ হয়নি। আমরা তাগিদ দেওয়ার পর এখন একটু হচ্ছে।
ইভা রহমান, সদস্য, গুলশান সোসাইটির লেক পার্ক ব্যবস্থাপনা কমিটি

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, সার্ভিস ব্লকের কাজ ৭৫ ভাগ শেষ। দুটি ফটক নির্মাণের কাজের অগ্রগতিও প্রায় ৮০ ভাগ। যদিও নকশাসংক্রান্ত জটিলতায় পরিকল্পনায় থাকা অন্য একটি ফটকের কাজ এখনো শুরুই হয়নি। আর হাঁটার পথের কাজের অগ্রগতিও ২০ ভাগের মতো। কাজ বিলম্বের কারণ নকশা পরিবর্তন।

ডিএনসিসির পরিবেশ সার্কেলের প্রকৌশলীরা বলছেন, পার্কের চারপাশের সীমানাদেয়াল হবে স্বচ্ছ কাচের। উচ্চতা ১৫ ফুট। কাচের দেয়ালের কারণে সরাসরি বাতাস চলাচল করবে না। তা ছাড়া রাস্তার যানবাহন থেকে সৃষ্ট উচ্চ শব্দ কমাবে এই কাচ। তবে কাচের দেয়াল যেহেতু উঁচু হবে, তাই পাখির চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, এ কারণে কাচে সমান্তরাল অস্বচ্ছ রেখা বা বার্ড স্ট্রিপ থাকবে।

এ ছাড়া পার্কে শরীরচর্চার জন্য নির্ধারিত জায়গা থাকবে। যেখানে ব্যায়াম করার কিছু উপকরণ দেওয়া থাকবে। বৃষ্টির পানি সংরক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে পার্কটিতে। কিছু পানি নিষ্কাশিত হবে, কিছু পানি নালার মাধ্যমে জলাশয়ে গিয়ে জমবে। এ ছাড়া সার্ভিস ব্লকের ছাদ থেকে সামনের দিকে ঢালু হয়ে কৃত্রিম টিলা থাকছে। টিলায় সবুজ তৃণভূমি থাকবে।

মেয়াদ বাড়িয়েও কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন গুলশান-১, নিকেতন ও আশপাশের এলাকার বাসিন্দারা। এ বিষয়ে গুলশান সোসাইটির লেক পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইভা রহমান প্রথম আলোকে বলেন, ‘করোনার শুরু থেকেই পার্কটি বন্ধ। এক বছরে কোনো কাজ হয়নি। আমরা তাগিদ দেওয়ার পর এখন একটু হচ্ছে।’

এ বিষয়ে স্থপতি মো. খালিদ মনসুর বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে পার্কের হাঁটার পথের কাজ শেষ করা হবে। তবে পুরো সংস্কারকাজ শেষ করার বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

নকশা পরিবর্তনের কারণেই পার্ক সংস্কারে দেরি হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক ও ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) নকশার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিস্তারিত নকশা তৈরিতে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। মূলত এ কারণেই দেরি হচ্ছে। তবে অক্টোবরের পর সময় বাড়ানো লাগলে কার্যাদেশের শর্তাবলি অনুযায়ী ঠিকাদারের শাস্তি হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নাজমুল ইমাম প্রথম আলোকে বলেন, ‘পার্কের জন্য আমরা যে নকশা করেছিলাম, ঠিকাদার ওই নকশা অনুযায়ী কাজ করতে পারছিল না। পরে ওরা (ঠিকাদার) অনুরোধ করে, নকশা বদলে একটু সহজ করে দেওয়া হোক।’