শেষ হলো আন্তর্জাতিক যন্ত্রকৌশল সম্মেলন
দেশ-বিদেশের শতাধিক গবেষক ও দেশের বহুজাতিক ৩১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বুয়েটে অনুষ্ঠিত হলো ১১তম আন্তর্জাতিক যন্ত্রকৌশল সম্মেলন ও প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেওয়া বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সেরা হয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
গতকাল রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবন মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে দ্বিতীয় হয়েছে যৌথভাবে বাকেক্স ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড। তৃতীয় হয়েছে যৌথভাবে এসএ ট্রেডার্স ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন।
বুয়েট মিলনায়তনের সামনে গত শুক্রবার এই প্রদর্শনী শুরু হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে জুতা-জামা থেকে শুরু করে জাহাজশিল্পে ব্যবহৃত বড় বড় যন্ত্রও দেখা যায়। এ ছাড়া বেশ কিছু যন্ত্রের প্রতিলিপি প্রদর্শন করা হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভারত, মালয়েশিয়া, কানাডা, ইরান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে গবেষকেরা অংশ নেন। যন্ত্রকৌশল বিষয়ে বিভিন্ন দেশের প্রকৌশলী ও বিজ্ঞানীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম বলেন, যন্ত্রকৌশল হচ্ছে সব প্রকৌশলবিজ্ঞানের মূল। এর জন্য প্রচুর ব্যবহারিক বিদ্যার প্রয়োজন হয়। এ জন্য তিনি বিভাগগুলোতে গবেষণার ওপর জোর দিতে বলেন।
সম্মেলনে আইডি নেটওয়ার্ক সিম্যুলেশন, জলবায়ু পরিবর্তনে পরমাণুর ভূমিকা, চীনের উন্নয়ন গবেষণা, অণুতে তাপ পরিবহনব্যবস্থা এবং একুশ শতাব্দীর প্রকৌশল শিক্ষাসংক্রান্ত পাঁচটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া তিন দিনে দুই শতাধিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক যন্ত্রকৌশল সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ সরদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জহুরুল হক, আয়োজক কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল আলম, সদস্যসচিব এ কে এম মনজুর মোর্শেদ প্রমুখ। এ ছাড়া অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বক্তব্য দেন।