শেষ হলো শিল্পের মহা আয়োজন

দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা শিল্পী-সংগ্রাহক আর লাখো দর্শকের মিলনমেলা ঢাকা আর্ট সামিটের শেষ দিন ছিল গতকাল সোমবার। আয়োজকদের হিসাবে আগত দর্শকের সংখ্যা তৃতীয় দিনেই ছুঁয়ে গেছে লাখের ঘর। আলোচনায় এসেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক মানের এমন বড়সড় বৈশ্বিক আয়োজন অতীতে হয়েছে কি না, সে কথাও। লাখো দর্শকের বিস্ময় আর দারুণ সাড়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার শিল্পকর্ম-বিষয়ক মহা আয়োজনে কাল যুক্ত হয়েছে এক আন্তর্জাতিক ইস্যুও। ঢাকা আর্ট সামিটকে ঘিরে হঠাৎই আলোচনায় এসেছে তিব্বতকে ঘিরে চীনের স্পর্শকাতরতা।
ঘটনার সূত্রপাত ভারতের দুই শিল্পীর তিব্বত-বিষয়ক শিল্পকর্ম নিয়ে। ঢাকা আর্ট সামিটে জাতীয় চিত্রশালার দ্বিতীয় তলায় প্রদর্শিত হচ্ছিল ভারতের নির্মাতা-শিল্পী রিতু সারিন ও তেনজিং সোনমের কাজ ‘লাস্ট ওয়ার্ডস’। এটি ছিল মূলত চীনা আগ্রাসনের প্রতিবাদে আত্মাহুতি দেওয়া তিব্বতিদের লেখা চিঠির সংকলন। কাল ঢাকা আর্ট সামিটে গিয়ে দেখা যায়, ‘লাস্ট ওয়ার্ডস’ সাদা কাগজে ঢেকে রাখা হয়েছে। তবে পাশে আগের মতোই প্রদর্শিত হচ্ছিল তিব্বতের শিল্পী নোরসের ‘প্রেয়ার হুইল’ বা প্রার্থনা চক্রসহ অন্য শিল্পীদের কাজ।
সামিটের আয়োজক সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব সামদানী এই ঢেকে দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘কাউকে কষ্ট বা আঘাত দেওয়ার জন্য আমাদের এই আয়োজন নয়। বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের শিল্পীদের ভালো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ঢাকা আর্ট সামিটের আয়োজন। কাউকে আঘাত দিতে চাই না বলেই দুই শিল্পীর সঙ্গে কথা বলে আমরা কাজগুলো ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শেষের ভিড়
শেষ দিনেও আর্ট সামিটে ছিল শিল্পপ্রেমীদের ভিড়। বিকেল থেকে বাড়তে শুরু করে ভিড়। সন্ধ্যা থেকে রাত অবধি উৎসুক দর্শকে ভরপুর ছিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা। চলেছে বর্ণিল পরিবেশনা, লেখালেখি-বিষয়ক কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীও।
ঢাকা আর্ট সামিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাদিয়া সামদানী বলেন, ‘আমাদের হিসাবে তৃতীয় দিনেই দর্শকের সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে। আমাদের টানা দুই বছরের গবেষণা ও প্রচেষ্টার ফসলের আজ শেষ দিন। ভালো লাগছে আবার মনও খারাপ হচ্ছে।’
সামদানী আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত হয়েছে চার দিনব্যাপী ঢাকা আর্ট সামিট।