শেষ হলো সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির আয়োজনে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনের সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল। গত শুক্রবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল সন্ধ্যায় শেষ হলো এ আয়োজন।

শেষ দিন সায়েন্স ফিকশন রচনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক মুহম্মদ জাফর ইকবালকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ইয়াসমিন হক এবং লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ।

সম্মাননা প্রদানের পর ছিল লাল-নীল আলোর চোখ ধাঁধানো লেজার শো। এ ছাড়া ছিল এলিয়েন উত্সব। শিক্ষার্থীদের হাতে তৈরি কিংবা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ পুরস্কার। সব শেষে এলিয়েনদের উড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে দুই দিনের এ উৎসব শেষ হয়।