শেষ হলো আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশের ২১টি নাটক দেখার আনন্দ নিয়ে শেষ হলো থিয়েটার আর্টের আন্তর্জাতিক নাট্যোৎসব। পথচলার দুই দশক পূর্ণ করেছে থিয়েটার আর্ট ইউনিট। এ সাফল্যের উদ্যাপনে নাটকের দলটি আয়োজন করে ‘রঙ্গ হর্ষে বিংশ বর্ষে’ শীর্ষক আন্তর্জাতিক নাট্যোৎসব। ১৩ নভেম্বর থেকে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয় বিচিত্র আয়োজনের এ উৎসব। এবারের উৎসবে থিয়েটার আর্ট ইউনিট তাদের জনপ্রিয় নাটক কোর্টমার্শাল-এর ২০০তম মঞ্চায়ন করে। গত শুক্রবার জাতীয় নাট্যশালায় ২০০তম মঞ্চায়ন হয়।বাংলাদেশের ১৩টি দলের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের চারটি ও নেপালের একটি বিখ্যাত নাট্যদল অংশ নেয় উৎসবে। নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে একাডেমীর বহিরাঙ্গনে ছিল ঢাকঢোলের বাদন, লালনগীতি, বাউল সাধক শাহ আবদুল করিমের দলের গান, জারিগানসহ নানা আয়োজন।শনিবার ছিল উৎসবের শেষ দিন। সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় দুটি নাটক। নাট্যশালায় মঞ্চায়িত হয় কামালউদ্দিন নির্দেশিত সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক দি কমিউনিকেটর। পরীক্ষণ থিয়েটারে ছিল আকতারুজ্জামান নির্দেশিত সময় নাট্যদলের প্রযোজনা শেষ সংলাপ।নাটক শেষে নাট্যশালায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জননন্দিত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। সমাপনী আনুষ্ঠানিকতা শেষে ছিল অগ্নিচক্র নৃত্যের পরিবেশনা।‘বিজয়ে পার্বণে’-এর আত্মপ্রকাশবাঙালি একদিকে একটি ঐতিহ্যপ্রিয় জাতি, অন্যদিকে উৎসবপ্রবণও। বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে বাঙালি তার ঐতিহ্য ধরে রাখছে। উৎসবগুলো বর্তমানে যেভাবে পালিত হচ্ছে, আড়ম্বরের দিক থেকে উচ্চমাত্রার হলেও সেগুলো জাতি হিসেবে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারছে না। সে উপলব্ধি থেকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে আহ্বায়ক করে ‘উৎসে বাংলাদেশ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি ডিসেম্বর মাসকে উৎসবের মাস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর বিজয়ের মাস এবং এ মাসেই নবান্ন ও পৌষ-পার্বণের ঘনঘটা। তাই উৎসে বাংলাদেশ এই উৎসবের নাম দিয়েছে ‘বিজয়ে পার্বণে’।শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনের সদস্যসচিব বিভুরঞ্জন সরকারের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন খেলাঘরের সভাপতি মাহফুজা খানম।সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়, নবান্ন, পৌষ-পার্বণ ইত্যাদি মিলিয়ে একটি সুবিস্তৃত অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সাতজন বীরশ্রেষ্ঠর প্রতি সম্মান জানিয়ে ৭ ডিসেম্বর বিজয়দীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসব শুরু হবে। ঋষিজের তিন যুগ পূর্তি অনুষ্ঠানপথচলার তিন যুগ পার করল ঋষিজ শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। ঋষিজের প্রতিষ্ঠাতা সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং সমকাল-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান। স্বাগত বক্তব্য দেন ঋষিজের সাধারণ সম্পাদক সমর বড়ুয়া। ঋষিজের এ আয়োজন প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক প্রয়াত ফয়েজ আহমদকে উৎসর্গ করা হয়।তিন যুগ পূর্তি উপলক্ষে সুরকার আলম খান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বিপুল ভট্টাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এম মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কায়ায় ছাপাই ছবির প্রদর্শনীছাপাই ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় ধারাবাহিক প্রদর্শনীর উদ্বোধন হলো গত শুক্রবার। কলকাতার প্রবীণ ও নবীন ছয়জন শিল্পীর ছাপাই চিত্রকর্ম নিয়ে ‘ছাপাই ছবি-১’ শিরোনামে শুক্রবার দুপুরে শুরু হয়েছে এ প্রদর্শনী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, আবুল বার্ক আলভী ও গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন: হরেণ দাস, অমিতাভ ব্যানার্জি, সুহাস রায়, চন্দন দাস, অতীন বসাক ও জয়ন্ত নস্কর।গৌতম চক্রবর্তী বলেন, ‘কলকাতার শিল্পীদের নিয়ে এই সিরিজ প্রদর্শনী শুরু হলো। এরপর নানা দেশের শিল্পীদের ছাপাই ছবি নিয়ে প্রদর্শনী করব। আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের ১২ জন শিল্পীর ছাপাই ছবি নিয়ে শুরু হবে এ সিরিজের পরবর্তী প্রদর্শনী।’এ প্রদর্শনীতে ছয়জন শিল্পীর ৫২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে।