শেষ হলো বৃক্ষমেলা, আড়াই কোটি টাকার বিক্রি
জাতীয় বৃক্ষমেলা ২০১০-এর শেষ দিনে গতকাল বুধবার আগারগাঁওয়ের বাণিজ্য মেলা প্রাঙ্গণ ছিল বৃক্ষপ্রেমীদের পদচারণে মুখর। স্টলের দোকানিরা বলেছেন, মেলায় আসা বেশির ভাগ লোকই গাছ কিনে বাড়ি ফিরেছেন। এদিক থেকে মেলাকে সার্থক বলতে চান আয়োজক ও দোকানিরা। প্রায় আড়াই কোটি টাকার চারা বিক্রি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জুন মাসের প্রথম দিন থেকে আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠে বন বিভাগের উদ্যোগে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০১০-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আয়োজকেরা জানান, এবারের বৃক্ষমেলায় সরকারি আটটি সংস্থার ১৭টি, বেসরকারি নার্সারির ১১৮টি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১৫টিসহ মোট ১৫০টি স্টল ছিল।গতকাল বুধবার বিকেলে মেলার মাঠ ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি স্টলের সামনেই বৃক্ষপ্রেমীদের ভিড়। বেশি ভিড় দেখা গেছে কলম করা গাছগুলোর স্টলে। বিভিন্ন জাতের পাকা আম, ডালিম, পেয়ারা, কুল, জাম্বুরা, লেবু, জামরুল ঝুলছে ছোট ছোট গাছে। এমন দৃশ্য প্রথমবার দেখে শিশু-কিশোরদের অনেকেই দাঁড়িয়ে পড়েছে স্টলের সামনে। বেশ কয়েকটি স্টলের দোকানিরা জানান, মেলায় কলম করা গাছ বেশ বিক্রি হয়েছে। বৃক্ষমেলা হলেও মেলায় বিভিন্ন ধরনের বীজ, সার, মধু, মাশরুমের সস ও সরবত, ত্রিফলা, বিভিন্ন ধরনের ভেষজ ও আয়ুর্বেদিক ওষুধ, মাটির তৈরি জিনিস, গাছের চাষ ও সংরক্ষণবিষয়ক বইও বিক্রি হয়েছে।মেলায় বন বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ২৮ জুন পর্যন্ত মেলায় প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার চারা বিক্রি হয়। এর মূল্য প্রায় এক কোটি ৯২ লাখ টাকা। এ ছাড়া পরের দুই দিন ও বড় কলম গাছের হিসাব ধরা হয়নি। এতে সব মিলিয়ে এবারের মেলায় বিক্রির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আয়োজকদের ধারণা।