শেষ হলো স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১১ গতকাল রোববার শেষ হয়েছে। ‘মানবতার বিজয় ঘোষিত হোক তথ্যযুদ্ধের আশীর্বাদে’ প্রতিপাদ্য সামনে রেখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কলেজটির ডিবেটিং ক্লাব।১০ দিনব্যাপী এই আয়োজনে ছিল ষষ্ঠ আন্তশিশু (অষ্টম শ্রেণীর নিচে), ১৬তম আন্তস্কুল, ষষ্ঠ আন্তকলেজ এবং ১৪তম ক্লাব বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেছে প্রথম আলো এবং কোহিনূর কেমিক্যালস লিমিটেড।গতকাল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, অন্যের চিন্তাভাবনাকে যত বেশি নিজের মধ্যে ঠাঁই দেওয়া যাবে, ততই অন্যের সঙ্গে সংঘাত কমে আসবে। বিতর্কের মাধ্যমে একটি বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা যায়। এর মধ্য দিয়ে ভালো-মন্দের তফাত যেমন করা যায়, তেমনি ভালোর সঙ্গেও থাকা সম্ভব হয়। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিতর্কের মাধ্যমে চিন্তার বিকাশ ঘটে। শুধু তা-ই নয়, প্রতিযোগিতার মধ্য দিয়ে সহযোগিতা ও নিজেকে বিকশিত করার শিক্ষা দেয় বিতর্ক।অনুষ্ঠানে ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, যুক্তির মধ্য দিয়ে মুক্তি খোঁজার কাজটাই করতে হয় বিতার্কিকদের। জীবনের প্রতিটি ক্ষেত্রে এ কাজটি করতে পারলেই শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় শিশুপর্যায়ে পুরস্কার পায় নওশীন সাইয়ারা, মুশফিকুর রহমান, সাইদুর রহমান; স্কুলপর্যায়ে অমিত প্রামাণিক, জেবা ফারাহ হক, ফারহানা বিন লিয়াকত ও সুমাইয়া তুল আহসান; কলেজ পর্যায়ে রাইসুল আরাফাত, তানভীর রহমান, নাহিয়ান বিন খালেদ এবং ক্লাব পর্যায়ে সৈয়দ তাসনীম মাহমুদ, মুশফেকা করিম ও প্লাবন গাঙ্গুলি।ষষ্ঠ আন্তশিশু প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে জেসিসি-১ এবং রানারআপ ভিডিসি দল। ১৬তম আন্তস্কুল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এমজিবিএস (অরিন্দম) ও রানারআপ হয়েছে ভিডিসি (অর্পব)। ষষ্ঠ আন্তকলেজ প্রতিযোগিতায় বিজয়ী ডিসি-আরএনএ ও রানারআপ হয়েছে আরডিএস। ১৪তম আন্তক্লাব প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ডিইউডিএস (অপরাজেয় বাংলা) ও রানারআপ হয়েছে আইবিএ।এ ছাড়া বেশ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষার, কোহিনূর কেমিক্যালস লিমিটেডের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নাইমুল আজম খান ও মজিবুর রহমান হাওলাদার, কলেজের ডিবেটিং ক্লাবের মডারেটর শবনম সোহেলী খান প্রমুখ।