শেষ হলো ‘ক্লিন ঢাকা সপ্তাহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লিন ঢাকা সপ্তাহ’ শেষ হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষে নগরবাসীকে সচেতন করাই ছিল কর্মসূচির প্রধান কাজ। কিন্তু বাস্তবে এ কর্মসূচির মাধ্যমে কতটুকু সফলতা এসেছে তা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। অনেকেই মনে করছেন, এ কর্মসূচি তেমন কোনো সফলতা আনেনি।তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এ কর্মসূচির কারণে জনগণের মধ্যে অনেকটা সচেতনতা সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে ওয়ার্ডভিত্তিক লোকজনের মধ্যে উত্সাহ-উদ্দীপনা ছিল। যা আগামী দিনে তাদের অনেক দূর নিয়ে যেতে সহায়তা করবে। এ বছর এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘পরিচ্ছন্ন ঢাকা নগর গড়ি’।রাজধানীর ধানমন্ডির ৩০ নম্বর সড়কের ব্যবসায়ী গতকাল মালামাল কিনতে এসেছিলেন পুরান ঢাকার ইমামগঞ্জে। কথা প্রসঙ্গে তিনি এ প্রতিবেদককে বলেন, ক্লিন ঢাকা সপ্তাহ তিনি মুখে শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়েছে বলে তাঁর কাছে মনে হয়নি। তাঁর এলাকায় ময়লা-আবর্জনা আগের মতোই ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে তিনি জানান।পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী বশির উদ্দিন জানান, পুরান ঢাকার আগানবাব দেউড়ি, বিকে রায় লেন, বংশীবাজার, বেচারাম দেউড়ি ও মৌলভীবাজারসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেছেন। তিনি বলেন, লোকজন যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে জন্য তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনকে আরও এগিয়ে আসতে হবে।ইমামগঞ্জের ব্যবসায়ী আবদুল গফুর জানান, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ময়লা ফেলার একটি কনটেইনার রয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিদিন ভোরে ময়লা নেওয়া হলেও আশপাশের বাসিন্দা ও হোটেল-রেস্তোরাঁ থেকে সময়-অসময় ময়লা-আবর্জনা ফেলছে। এসব ময়লার দুর্গন্ধে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, লোকজন যাতে সন্ধ্যার পর থেকে দীর্ঘরাত পর্যন্ত ময়লা ফেলে এ জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ক্লিন ঢাকা সপ্তাহ কতভাগ সফল হয়েছে তা জনগণ মূল্যায়ন করবে। ময়লা-আবর্জনা পরিষ্কার করা একটি চলমান প্রক্রিয়া। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ছিল প্রধান কাজ। বাসাবাড়ির লোকজনকে পচনশীল ও অপচনশীল ময়লা দুটি পাত্রে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন এতে সমস্যা প্রায় ৩০ শতাংশ কমে আসবে। তিনি জানান, ডাস্টবিন থেকে টোকাইরা যেসব মালামাল নিচ্ছে তার সঙ্গে প্রায় এক লাখ ৭০ হাজার ব্যবসায়ী জড়িত। এরা প্রতিবছর তিন হাজার কোটি টাকা সাশ্রয় করছে।বিপন সাহা বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যদি কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে লোকজনের ভোগান্তি সৃষ্টি করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। তাতেও কাজ না হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।গ্রামীণফোনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের কর্মীরা গতকাল ক্লিন ঢাকা কর্মসূচিতে অংশ নেয়। রাজধানীর গুলশান ওয়ার্ডে সচেতন ও সক্রিয় বাসিন্দা হিসেবে গ্রামীণফোন সব বিষয়ে মানুষের কাছে সামাজিক প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রচারের দায়িত্বের বাইরে সড়ক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল গ্রামীণফোনের ২৫০ জনের অধিক কর্মকর্তা স্বেচ্ছাসেবী হিসেবে গুলশান এভিনিউ এবং আশপাশে রাস্তা পরিষ্কারে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কমিউনিকেশনস কর্মকর্তা কাজী মনিরুল কবির, ডেপুটি চিফ মার্কেটিং কর্মকর্তা লাজলো বার্তা, ঢাকা সিটি করপোরেশনের হেড অব ক্যাম্পেইন ক্যাপ্টেন বিপিন কুমার সাহা ও ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার এ এস এম আবদুল আলিম নকী। ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, সব ঢাকাবাসীর অংশগ্রহণে ঢাকা সিটি করপোরেশন এবং জাইকার প্রশিক্ষিত দল যৌথভাবে আয়োজন করেছে ক্লিন ঢাকা সপ্তাহ নামক প্রচারণা। বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, ক্লাব, এলাকাভিত্তিক সংগঠন এবং এলাকাবাসীর উপস্থিতিতে পালিত হয় এ কার্যক্রম। এ কাজে স্থানীয় জনগণকে উদ্ধুদ্ধ করা এবং সচেতনতা সৃষ্টি করতে পারলেই কার্যক্রমের সফলতা পাওয়া যাবে।পুরান ঢাকার নয়াবাজার, বাবুবাজার, বংশাল, মিটফোর্ড রোড, মৌলভীবাজার, আগামসি লেন, সুরিটোলা স্কুলের সামনে, আগানবাব দেউড়ি, নয়াবাজার বাসাবাড়ি লেনসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা আগের মতোই ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। গত রোববার রাজধানীতে শুরু হয় এই ‘ক্লিন ঢাকা সপ্তাহ’। এ বছরের প্রতিপাদ্য বিষয় পরিচ্ছন্ন ঢাকা নগর গড়ি, বর্জ্য ব্যবস্থাপনা বিষয় এলাকাভিত্তিক কার্যকরী প্রচারণা ও কর্মসূচি গ্রহণে উদ্ধুদ্ধকরণ, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং ঢাকা শহরকে আরও পরিচ্ছন্ন করা। ঢাকা সিটি করপোরেশন ও জাইকা যৌথভাবে প্রচারণা শুরু করেছে। এ কর্মসূচিকে সহযোগিতা করছে ওয়াটার এইড, সেইফ, আর্থ ক্লাব ও গ্রামীণফোন।