শেহনাজ রশিদ এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া শেহনাজ রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার করা আরও তিনজনকে কারাগারে পাঠানো হয়।ইয়াবা সেবন ও ব্যবসার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকার এক বাসা থেকে গত শনিবার ভোরে পুলিশ বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খান, তাঁর ভাশুর তায়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল সকাল ১০টার দিকে গ্রেপ্তার হওয়া শেহনাজ রশিদ খানসহ চারজনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত শেহনাজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দেন।পুলিশ জানায়, গত শনিবার ভোর সোয়া চারটায় ইয়াবা সেবনরত অবস্থায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ ওই বাসায় আসে। শনিবার ভোর পর্যন্ত তারা অভিযান চালায়।