পাঁচটি পানি শোধনাগার নির্মাণের কথা থাকলেও চালু হয়েছে সায়েদাবাদে একটি শোধনাগারের দুটি পর্যায়
শোধনাগার নির্মাণে অগ্রগতি নেই
রাজধানীবাসী ঢাকা ওয়াসার সরবরাহ করা সুপেয় পানি কবে পাবে? নদীর পানিকে উৎস করে পাঁচটি পানি শোধনাগার নির্মাণের কথা
থাকলেও চালু হয়েছে সায়েদাবাদে একটি শোধনাগারের দুটি পর্যায়। এই দুটির উৎপাদিত পানির ৮০ ভাগ এবং গভীর নলকূপের পানির ২০ ভাগ এখন পর্যন্ত সরবরাহ হচ্ছে পুরোনো ও ফাটা পাইপেই। শুকনা মৌসুমে নদীর পানির দূষণ বাড়ে। তাতে শোধনাগারের শোধনযন্ত্র তার ক্ষমতা হারাচ্ছে।
ঢাকা ওয়াসা বলছে, বর্তমানে পানির চাহিদার ৮৩ ভাগ ভূগর্ভস্থ গভীর নলকূপ থেকে এবং বাকি ১৭ ভাগ নদী থেকে পাওয়া যাচ্ছে। বাকি শোধনাগারগুলো চালু হলে ৭০ ভাগ পানি আসবে নদী থেকে। পাইপলাইনও বদল হবে। বাকি শোধনাগারগুলোর মধ্যে আছে কেরানীগঞ্জে পদ্মা (জশলদিয়া) প্রকল্প, রূপগঞ্জে গন্ধপুর শোধনাগার প্রকল্প এবং সায়েদাবাদ তৃতীয় পর্যায় প্রকল্প। আগামী ২০২০ সালের মধ্যে এগুলো চালু হওয়ার কথা। কিন্তু প্রকল্পগুলোর অগ্রগতি কম। তাই কবে এগুলো চালু হবে, তা নিশ্চিত নয়।
রাজধানীর পানির সমস্যা লাঘব করে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ১৯৯৮ সালে সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ শুরু হয়। এটি চালু হয় ২০০২ সালের জুলাই মাসে। খরচ ৫৮০ কোটি টাকা। পরিকল্পনা ছিল দুই বছরের মধ্যেই প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু হবে। কিন্তু ড্যানিশ কোম্পানি ও বাংলাদেশ সরকারের ১ হাজার ১৪০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায় চালু হয় সাড়ে ১০ বছর পর, ২০১২ সালের ডিসেম্বরে। উৎস শীতলক্ষ্যার নদী। দুটি শোধনাগার থেকে পানি পাওয়া যাচ্ছে ৪৫ কোটি লিটার। কিন্তু নগরের বেশির ভাগ স্থানে শোধনাগারের ও গভীর নলকূপগুলোর পাইপলাইন এক হওয়ায় (আন্তনগর সংযোগে) পানি বিশুদ্ধ থাকছে না। এর ওপর শুকনা মৌসুমে শীতলক্ষ্যার পানিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শোধনযন্ত্র ক্ষমতা হারায়, আসে দূষিত পানি।
বিএনপি জোট সরকারের সময় পদ্মা শোধনাগার প্রকল্প হওয়ার কথা ছিল নারায়ণগঞ্জের পাগলায়। পরে প্রকল্প করার সিদ্ধান্ত হয় কেরানীগঞ্জে। বর্তমান সরকার প্রকল্পের স্থান নির্ধারণ করে মাওয়ার জশলদিয়ায়। মাওয়া ঘাটের কাছে জশলদিয়ায় ৮২ একর জায়গা ঠিক করা আছে। প্রধানমন্ত্রী গত বছরের ২৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩০৮ কোটি টাকা। বেশির ভাগ টাকা দিচ্ছে চীনা একটি কোম্পানি। তিন বছর মেয়াদে এর কাজ শেষ হওয়ার কথা।
পাঁচ বছর ধরে তোড়জোর চলছে রূপগঞ্জ গন্ধপুর পানি শোধনাগার নির্মাণের। মেঘনা নদী থেকে ২৬ কিলোমিটার দূরে পাইপলাইনের সাহায্যে পানি আনা হবে। চালু হলে এই প্রকল্প থেকে পাওয়া যাবে ৫০ কোটি লিটার পানি। প্রাক্কলিত ব্যয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা। প্রকল্পের বাস্তব অগ্রগতি নেই। সম্প্রতি এর দরপত্র আহ্বান করা হয়েছে মাত্র।
সায়েদাবাদ তৃতীয় পর্যায়ের কাজ শুরুর কথা ছিল দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার আগেই। অথচ তিন বছর পেরিয়ে গেলেও তৃতীয়টির কাজ শুরুই হয়নি।
যদিও বলা হচ্ছে, সায়েদাবাদ প্রকল্পের প্রথম দুটি পর্যায়ের পাশেই তৃতীয় প্রকল্প স্থান ঠিক থাকায় এ প্রকল্পে ঝামেলা কম। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পটির জন্য চার হাজার কোটি টাকা খরচের একটি হিসাব করা হলেও সম্ভাব্য ঋণদাতার কোনো খোঁজ পেতে অনেক বেগ পেতে হয়। ড্যানিশ একটি কোম্পানি ও এএফডি টাকা দিতে সম্মত হলেও নানা শর্ত জুড়ে দিয়েছে। মেঘনা নদী থেকে পানি এনে এই প্রকল্পে শোধন হবে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকায় এই প্রকল্প থেকে ৪৫ কোটি লিটার পানি পাওয়ার কথা।
বছরের পর বছর গড়িয়ে যায়, ভূ-উপরিস্থ পানি ব্যবহারের প্রকল্পগুলোর অগ্রগতি হয় না কেন?—এমন প্রশ্নে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, প্রধান সমস্যা টাকা। দাতা সংস্থাগুলো থেকে প্রতিশ্রুতি পেতেও অনেক সময় চলে যায়। যেসব দাতা সংস্থা ঋণ দেওয়ার আশ্বাস দিচ্ছে বলে প্রচার হয়, তারা মুখে ‘অনুদান’ বললেও তাদের অস্বাভাবিক অঙ্কের সুদ দিতে হয়। ওয়াসা একবার প্রকল্পস্থলের সম্ভাব্যতা যাচাই করার পর দাতা সংস্থাগুলো নিজেদের দল পাঠিয়ে আবার সমীক্ষা করে। এ ছাড়া প্রকল্পের জমি অধিগ্রহণ করতে সময় লাগে। থাকে নানা মামলা-মোকদ্দমা।