সরকারের সঙ্গে যোগসাজশ থাকায় সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও প্রকাশ করছে না সরকার। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।রাজধানীর তোপখানা রোডে মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাম নেতারা বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। মুষ্টিমেয় ব্যক্তি ও ব্যবসায়ী এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলেও তাঁরা এতটাই প্রভাবশালী যে, ঘোষণা দিয়েও অর্থমন্ত্রী এখনো তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে পারেননি। তাই এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে আছেন।মোর্চার নেতারা মনে করেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ (এসইসি) শেয়ারবাজার-ব্যবস্থাপনার যেসব আইনি দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব।সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত প্রকাশ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা করা, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের কাছ থেকে অবৈধ অর্থ উদ্ধার করে তা বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেওয়া এবং এসইসি থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও এসইসি পুনর্গঠনের দাবি জানানো হয়।