শোক দিবসে রাজধানীতে আয়োজিত বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে রাজধানীতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, পোস্টার প্রদর্শনী ইত্যাদি। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে। ঢাকা ও টুঙ্গিপাড়াসহ দেশের সব জায়গায় এসব কর্মসূচি পালিত হবে। রাজধানীতে দিনের শুরুতে ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যদের মাজারে ফুল দেবেন ও ফাতেহা পাঠ করবেন। আওয়ামী লীগের কর্মসূচি: আওয়ামী লীগের পক্ষ থেকে ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ছয়টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন হবে। সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মহিলা লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবে। সাড়ে ১১টায় দেশব্যাপী মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা হবে। বাদ জোহর হবে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। অন্যান্য সংগঠনের মধ্যে সিপিবি, জাসদ, গণফোরাম, জাতীয় জনতা পার্টি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিল্পকলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় গণতান্ত্রিক লীগ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, পঙ্গু হাসপাতাল, শিশু একাডেমী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, গণগ্রন্থাগার অধিদপ্তর, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ নূর হোসেন সংসদ, জাতীয় মহিলা সংস্থা, বিসিক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, আবাহনী লিমিটেড ও বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।