শোকাবহ পরিবেশ, শাস্তির দাবি
ঢাকার আশুলিয়ার নরসিংহপুরের নিশ্চিন্তপুর এলাকায় তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। গত দুই দিনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক, ব্যবসায়ী-পেশাজীবী-শ্রমিক-সামাজিক সংগঠন বিভিন্ন সমাবেশ ও বিবৃতিতে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এ ঘটনায় নিহত লোকজনের পরিবারকে ক্ষতিপূরণ, আহত লোকজনের সুচিকিৎসার দাবির পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের শাস্তিরও দাবি করা হয়। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ডেপুটি স্পিকার শওকত আলী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এ ধরনের মৃত্যু যাতে ভবিষ্যতে কোনো অবস্থায় না হতে পারে, অবিলম্বে সে ব্যবস্থা নেওয়ার জন্য সব কারখানার মালিক ও সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বিবৃতিতে তিনি শোক প্রকাশের পাশাপাশি আহত লোকজনের দ্রুত আরোগ্য কামনা করেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গতকাল সোমবার এক বিবৃতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় এবং ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সমাবেশ: অগ্নিকাণ্ডের পর গত দুই দিনে বেশ কয়েকটি সমাবেশ হয়েছে। এসব সমাবেশে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি ওঠে। আজ মঙ্গলবার ঘোষিত শোক দিবস শেষ হওয়ার আগেই মালিকসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সিপিবি তাজরীনের দুর্ঘটনায় নিহত এবং চট্টগ্রামে উড়ালসড়ক ভেঙে নিহত ব্যক্তিদের স্মরণে ২৫ থেকে ২৭ নভেম্বর দেশব্যাপী শোক দিবস পালন করবে বলে ঘোষণা দেয়।গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ কালো পতাকা শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মালিকপক্ষের অবহেলার কারণেই তাজরীনের দুর্ঘটনা ঘটেছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। গত রোববার অগ্নিদগ্ধ পোশাক কারখানা পরিদর্শনে যান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং হতাহত লোকজনের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। এ ঘটনায় রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। বাম মোর্চার সভাপতি জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক, আবদুস সাত্তার প্রমুখ।আরও শোক: আরও যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে গণঐক্যের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন, আইন ও সালিশ কেন্দ্র (আসক), সম্মিলিত সামাজিক আন্দোলন, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় শ্রমিক লীগ, মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি ফরহাদ মজহার, কর্মজীবী নারীর শিরীন আখতার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন, জাতীয় শ্রমিক ফেডারেশন, শ্রমিক জোট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।