শোষণ ও হয়রানি থেকে মুক্তি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মূল কথা। কিন্তু সে মুক্তি তারা পায়নি। বরং আইনের কিছু ত্রুটি ও জটিলতার কারণে তারা যেন নতুন করে প্রতারিত হচ্ছে। আইনি জটিলতার কারণে গত এক বছরে একটি মামলাও হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। তাঁরা দ্রুত প্রয়োজনীয় সংশোধন দাবি করে এ আইন বাস্তবায়নের দাবি জানান।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। গত বছরের ৬ এপ্রিল বহুল প্রতীক্ষিত ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ পাস হয়। পণ্য বা সেবার নিম্নমানের ক্ষেত্রে ভোক্তাকে প্রতিকার পেতে সহায়তা করাই এ আইনের লক্ষ্য। এক বছর পর আইনটির মূল্যায়ন করতে গিয়ে সভার আলোচকেরা বলেন, দীর্ঘদিন পর হলেও এ আইন হয়েছে, এটা একটা পাওয়া। পাশাপাশি তাঁরা এ আইনের বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন। বলা হয়, ক্ষতিগ্রস্ত কেউ উত্পাদনকারীর বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারবেন না। এ জন্য দীর্ঘসূত্রতার কারণে আইনটি অকার্যকর হতে পারে। আইনে বলা আছে, সংক্ষুব্ধ ব্যক্তিকে ৩০ দিনের মধ্যে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে। অধিদপ্তর অভিযোগপত্র ৯০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করলেই কেবল মামলা শুরু হতে পারে।এ ধারার সমালোচনা করে মূল প্রবন্ধে বলা হয়, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ৩০ দিনের মধ্যে নাও দেখা দিতে পারে। আবার ৯০ দিনের মধ্যে অধিদপ্তর অভিযোগপত্র দিতে ব্যর্থ হলে ভোক্তা কোনো প্রতিকার পাবে না।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অতিমাত্রায় আমলানির্ভর করা হয়েছে বলেও সমালোচনা করা হয়। আলোচকেরা বলেন, পণ্যের মূল্য নির্ধারণে ভোক্তার কোনো বক্তব্যের সুযোগ নেই। অসত্য বিজ্ঞাপনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি।বক্তারা এসব দুর্বলতা সংশোধনের দাবি জানিয়ে ‘বাজার আদালত’ গঠনের সুপারিশ করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ। আয়োজক সংগঠনের সভাপতি কাজী ফারুক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সংসদ সদস্য সুকুমার রওশন, আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আহমেদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য আবুল হাসান, সিগমা হুদা প্রমুখ বক্তব্য দেন।