শ্বশুরের পরিকল্পনায় খুন ছাত্রসমাজের সাবেক সভাপতি মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান ওরফে হিমু (৩৫) হত্যা মামলায় দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁরা হলেন রফিকুল ইসলাম ও শামীম খান। গত সোমবার তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রূপনগর থানার পুলিশ জানায়, গত তিন দিনে মিজানুর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রফিকুল ইসলাম (৪৫), শামীম খান (২৯) ও ওমর ফারুক খানকে (৫২) পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস, ৬৮টি গুলি, দুটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি রাজধানীর রূপনগর বেড়িবাঁধ-সংলগ্ন ইস্টার্ন হাউজিংয়ের একটি খালি প্লটের পাশ থেকে মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথা ও ঘাড়ে ভারী বস্তুর আঘাত ছিল। ময়নাতদন্তে মাথার ভেতর গুলিও পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলবুর রহমান সোমবার প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাজধানী থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বক্তব্য অনুযায়ী সোমবার ঢাকা থেকে ওমর ফারুককে ও গভীর রাতে খুলনা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁও থেকে হত্যায় ব্যবহৃত ভাড়া করা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। ওমর ফারুকের জিম্মা থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি গুলিসহ উদ্ধার করা হয়। এরপর গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিকুল ও শামীম।
মতলবুর রহমান আরও বলেন, মৃত্যুর কয়েক মাস আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে মলি নামের এক মেয়েকে বিয়ে করেন মিজানুর। মলির বাবা আলতাফ হোসেন শুরু থেকে এ বিয়ে মেনে নেননি। তিনি মিজানুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। মিজানুর শ্বশুরের বিরুদ্ধে থানায় জিডিও করেছিলেন। এরপর রফিকুলের মধ্যস্থতায় মিজানুরকে হত্যার জন্য ওমর ফারুক ও শামীমকে তিন লাখ টাকায় ভাড়া করেন আলতাফ হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতেও রফিকুল ইসলাম বলেছেন, আলতাফুর রহমান বিয়ে মেনে নিতে না পেরে হত্যার পরিকল্পনা করেছিলেন।
মতলবুর বলেন, ১৬ জানুয়ারি রাতে ব্যবসায়িক আলাপের কথা বলে মিজানুরকে মাইক্রোবাসে তোলেন তাঁরা। মিজানুরের পূর্বপরিচিত রফিকুল। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, ঘোরাঘুরির একপর্যায়ে তাঁরা কফির সঙ্গে চেতনানাশক মিশিয়ে মিজানুরকে পান করান। এরপর গাড়ির ভেতরে মিজানুরকে ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন। সেখানে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁর মাথায় গুলি করা হয়। তবে এখনো ভিসেরা প্রতিবেদন হাতে না আসায় চেতনানাশক মেশানো কফি পানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আলতাফুর রহমান বর্তমানে পলাতক বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।