শ্বাসনালি পোড়া রোগীদের বাঁচার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে শ্বাসনালি পোড়া রোগীরা কিছুটা স্বস্তিতে শ্বাস নিতে পারেন। প্রয়োজনে চেম্বারে থেকে চিকিৎ​সকের সঙ্গে কথাও বলতে পারেন l প্রথম আলো
হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে শ্বাসনালি পোড়া রোগীরা কিছুটা স্বস্তিতে শ্বাস নিতে পারেন। প্রয়োজনে চেম্বারে থেকে চিকিৎ​সকের সঙ্গে কথাও বলতে পারেন l প্রথম আলো

পোড়া রোগীদের স্বস্তিতে শ্বাস নেওয়ার উপায় নেই। শ্বাসনালি পুড়ে গেলে তো কথাই নেই। তবে হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে এ ধরনের রোগী কিছুটা স্বস্তিতে শ্বাস নিতে পারেন। চাইলে গান শুনতে পান তিনি। চোখের সামনে দেয়ালে রাখা টেলিভিশন দেখতে পান। খারাপ বা অস্থির লাগলে কিংবা কোনো প্রয়োজন হলে ভেতর থেকেই টেলিফোনে চেম্বারের পাশে থাকা চিকিৎসক-নার্সদের সঙ্গে কথাও বলতে পারেন। তারপরও সমস্যা হলে দুই মিনিটের মধ্যে চেম্বার থেকে রোগীকে বের করা সম্ভব। সবচেয়ে বড় কথা, এ চেম্বারে থেরাপি নেওয়ার ফলেই পোড়া রোগীসহ বিভিন্ন ধরনের রোগী দ্রুত সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারেন।
বাংলাদেশে হাইপারবারিক অক্সিজেন চেম্বার আছে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ইউনিটের নিচতলায় হাইপারবারিক জোনের ভেতরে দুটি চেম্বারে রোগীরা থেরাপি নিচ্ছেন। বিএনপি-জামায়াত জোটের মারা পেট্রলবোমায় পোড়া রোগীদের মধ্যে যাঁদের শ্বাসনালি পুড়ে যায়, তাঁদের বেশির ভাগকেই বাঁচানো সম্ভব হয়নি। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে গেলে তাঁকে এ সমস্যার কথা জানানো হয়। তারপর প্রধানমন্ত্রী এ খাতে ছয় কোটি টাকা অনুদান দেন। বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে দুটি চেম্বার আনা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এখানে মোট চারটি চেম্বার বসানোর ব্যবস্থা করা আছে। ইউনিটের দায়িত্বে থাকা বার্ন ইউনিটের চিকিৎসক রবিউল করিম খান ও হোসাইন ইমাম প্রশিক্ষণ নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। যে কোম্পানির মাধ্যমে চেম্বারগুলো বাংলাদেশে আনা হয়েছে, সেই ট্রেড ভিশনের একজন প্রকৌশলীও প্রশিক্ষণ শেষ করেছেন; যাতে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সাহায্য পাওয়া যায়।
চিকিৎসক হোসাইন ইমাম বলেন, মানুষের রক্তে ২২ শতাংশ অক্সিজেন থাকা স্বাভাবিক। তবে এ চেম্বারের মাধ্যমে রক্তে চাপ দিয়ে অক্সিজেনের মাত্রা শতভাগ করা হয়। ফলে অক্সিজেনের অভাবে প্রায় মরতে বসা টিস্যুগুলো বেঁচে যায়। শ্বাসনালিসহ গুরুতর দগ্ধ রোগী; ডায়াবেটিসের কারণে পায়ের ক্ষত; বিভিন্ন দুর্ঘটনার পর যেসব ক্ষত সহজে শুকায় না, সেই ক্ষত; ক্যানসার চিকিৎসায় রেডিয়েশনের কারণে শরীরে ক্ষত দেখা দিলে বা অটিজমসহ অন্যান্য জন্মগত স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এ চেম্বারে সেবা দেওয়া যাবে।
হাইপারবারিক অক্সিজেন চেম্বারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও গত বছরের আগস্ট মাসের ৫ তারিখ থেকে রোগীরা এখানে থেরাপি পাচ্ছে। এ পর্যন্ত ১৭ জনের থেরাপি সম্পন্ন হয়েছে। চারজনের থেরাপি চলছে। দিনে প্রায় দুই ঘণ্টা করে একেকজনের ২০ থেকে ৩০ বার থেরাপি প্রয়োজন হয়। তবে মাত্র দুটি চেম্বার হওয়ায় প্রতিদিন চার থেকে পাঁচজনকে থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে।
গত সোমবার বার্ন ইউনিট থেকে অনুমতি নিয়ে হাইপারবারিক জোনের ভেতরে ঢুকে দেখা যায় ইয়াছিন ও ইয়াসির নামের দুই শিশু চেম্বারে শুয়ে থেরাপি নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার ১৫ বছর বয়সী ইয়াছিনকে থেরাপি শেষে চেম্বার থেকে বের করার পর দেখা যায়, তার পুরো শরীর দগ্ধ।
এখানকার নার্স লিপিকা রানী মণ্ডল তাঁর কাজের অভিজ্ঞতায় বলেন, প্রথম প্রথম ইয়াছিন চেম্বারে ঢুকতেই চাইত না। ঢোকার পরেই অস্থির হয়ে যেত। তবে কাউন্সেলিং করার পর এখন আর সমস্যা করে না। দায়িত্বরত আরেক নার্স সিরাজুল ইসলামও সে কথায় সায় দিলেন।
চিকিৎসক রবিউল ইসলাম খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শ্বাসনালিসহ ৪৫ শতাংশ দগ্ধ হয়ে এসেছিলেন এখানে। থেরাপি নেওয়ার পর তিনিও হাসিমুখে বাড়ি ফিরেছেন।
নারীদের মধ্যে প্রথম থেরাপি নেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সামরিন আলম। গত বছরের ১২ নভেম্বর বাসায় গ্যাসের আগুনে তিনি ও তাঁর মা-বাবা অগ্নিদগ্ধ হন। এ থেরাপি দেওয়ার আগেই তাঁর মা-বাবা মারা যান। গত ৩১ ডিসেম্বর বাসায় ফিরে যাওয়া সামরিন (শ্বাসনালিসহ ৩০ শতাংশ পোড়া) প্রথম আলোকে বলেন, ‘থেরাপি নিতে প্রথম দিকে ভয় লাগত। দু-তিনবার নেওয়ার পর আর ভয় লাগেনি। থেরাপি নিয়ে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছি। এখন শুধু দাগগুলো মুছে যাওয়ার অপেক্ষায় আছি।’