চার বছর আট মাস বয়সী রাহুল হালদার প্লাস্টিকের বাঁশি গিলে ফেলেছিল। বাবা অটল হালদার ছেলেকে নিয়ে পরপর চারটি বেসরকারি ক্লিনিক ঘুরেছেন। চিকিৎসকেরা আশ্বস্ত করেন, ছেলে সুস্থ, শ্বাসনালিতে কিচ্ছু নেই। কিন্তু রাহুলের কাশি থামে না, সঙ্গে শ্বাসকষ্ট। শেষ পর্যন্ত এক বন্ধুর পরামর্শে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ এ কে এম আকরামুল হকের শরণাপন্ন হন। দেড় মাস পর শ্বাসনালি থেকে বেরিয়ে আসে বাঁশির টুকরো।
আকরামুল হক প্রথম আলোকে বলেন, শ্বাসনালি ও ফুসফুসে কিছু আটকে গেলে তার পূর্ণাঙ্গ চিকিৎসা আছে শুধু ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে। এই হাসপাতালের থোরাসিক সার্জনরা অর্থাৎ শল্যচিকিৎসক বক্ষের যেকোনো অস্ত্রোপচার করতে পারেন। তবে অনেকেই বক্ষব্যাধি হাসপাতালের এই সেবাটি সম্পর্কে জানেন না।
সূত্রাপুরের রাহুল চিকিৎসায় সুস্থ হয়েছে। কিন্তু এ ঘটনার দুই মাস পর রাজধানীর হাজারীবাগে কৃত্রিম লিচি শ্বাসনালিতে আটকে মারা গেছে দুই বছরের শিশু তানজিল। এ বছরের শুরুতে পাবনার ঈশ্বরদীতে শ্বাসনালিতে মাংস আটকে মারা যায় আইন হোসেন। মৃত আইনের স্বজনেরা জানান, দুই বছরের ছেলে আইন ঘটনার দিন শখ করে নিজের হাতে মাংস-ভাত খাচ্ছিল। এ সময় হঠাৎ তার শ্বাসনালিতে এক টুকরা মাংস আটকে যায়। প্রচণ্ড শ্বাসকষ্টে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে তাকে ঈশ্বরদী ৫০ শয্যা হাসপাতাল, এরপর পাবনায় এবং সবশেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে মারা যায়। এ বছরেই শ্বাসনালিতে মার্বেল আটকে সিরাজগঞ্জে এবং চাঁদপুরে ওষুধ আটকে দুটি শিশু মারা যায়।
জানা গেছে, সরকারি পর্যায়ে এ ধরনের চিকিৎসা করতে পারেন—এমন সার্জনের সংখ্যা ১৬ জন। তাঁরা কাজ করছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল এবং ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ঢাকা ও চট্টগ্রামে ব্রঙ্কোস্কোপি মেশিন না থাকায় এখন চিকিৎসা বন্ধ। এর বাইরে ঢাকার পাঁচ-ছয়টি বেসরকারি ক্লিনিকে এই সেবা আছে। শ্বাসনালির ওপরের দিকে কিছু বেঁধে থাকলে নাক, কান, গলার চিকিৎসকেরা অপসারণ করতে পারেন। কিন্তু শ্বাসনালির নিচের দিকে বা ফুসফুসে ঢুকে গেলে তখন থোরাসিক সার্জন ছাড়া উপায় নেই।
এ পর্যন্ত কমপক্ষে দুই শ শিশুর শ্বাসনালি ও ফুসফুস থেকে প্রায় ১০০ ধরনের জিনিস বের করে এনেছেন আকরামুল হক। এ তালিকায় ভাত, মাছ, মাংস, হাড়ের টুকরো, বিভিন্ন ফলের বীজ, পুঁতি, লকেট, কানের দুল, বাঁশি, মার্বেল, ওষুধ, পয়সা, পেরেক, বোর্ড পিন ও সুচ। ইদানীং বোর্ড পিন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক মফিজুর রহমান মিয়া বলেন, শ্বাসনালিতে আটকে থাকা জিনিস বের করে আনা খুব কঠিন নয়, তবে সূক্ষ্ম হাতের কাজ। একই সময়ে শ্বাসনালির ভেতরে যন্ত্র ঢোকাতে হয়। সময় লাগে পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ আধঘণ্টা। তবে জানা না থাকায় এ সমস্যায় পড়ে শিশু মারা যায়।