শ্যামপুর ও বালুর মাঠ শিল্পাঞ্চল এলাকায় এখনো পানি
রাজধানীর শ্যামপুর ও বালুর মাঠ শিল্পাঞ্চল এবং এর আশপাশের এলাকায় রাসায়নিক ও তরল বর্জ্য গতকাল সোমবারও ছিল। রেললাইনের পাশের প্রায় দুই হাজার বস্তিঘরের মধ্যে বেশির ভাগেই এখনো বর্জ্যপানি রয়েছে। গত শনিবার দুপুরে শ্যামপুর ওয়াসা গেটের অদূরে ১০ ফুট প্রশস্ত রেলসেতুর নিচের নর্দমার মুখ বাঁশ ও বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেওয়ায় এসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। বালুর মাঠ-শ্যামপুরের চেয়ে অপেক্ষাকৃত নিচু এলাকা নামা শ্যামপুরের বিক্ষুব্ধ বাসিন্দারা ওই নর্দমার মুখ বন্ধ করেছিল। এ কারণে শনিবার বিকেল থেকে পুরো এলাকা তরল বর্জ্যে তলিয়ে যায়। রোববার সন্ধ্যায় নামা শ্যামপুরের বাসিন্দাদের সঙ্গে শ্যামপুর শিল্প মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়, এলাকায় বায়তুল হেরা রাজউক জামে মসজিদসংলগ্ন এলাকায় আগামী এক মাসের মধ্যে নিষ্কাশন নালা নির্মাণ করে দেবে মালিক সমিতি—এমন আশ্বাসের ভিত্তিতে নামা শ্যামপুর এলাকাবাসী বাঁধ সরিয়ে নিতে রাজি হন।এলাকার বাসিন্দারা জানান, একবারে বাঁধ খুলে দিলে পুরো এলাকা আবারও প্রবল পানিতে তলিয়ে যাবে, এ আশঙ্কায় বাঁধ থেকে অল্প অল্প করে বালুর বস্তা সরানো হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত আট ইঞ্চি পানি সরে যায়। কিন্তু পরে পানি আর নামেনি। কয়েকটি কারখানা আবার চালু করায় পানি কমছে না বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।