শ্যামপুরে গুলিতে আহত ১ যাত্রাবাড়ীতে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গতকাল শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পৃথক ঘটনায় গতকাল রাতে যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া বোমায় দুজন আহত হয়েছেন।শ্যামপুর পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪৬/৬/বি ঢালকানগর লেনের বাসার নিরাপত্তারক্ষী আবদুল মালেকের (১৮) দুই পায়ে চারটি গুলি করেছে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মালেক জানান, গতকাল দুপুর পৌনে দুইটার দিকে তিন তরুণ ওই বাসার সামনে আসে। দুজন ভেতরে ঢোকে। এ সময় মালেক এগিয়ে এসে ‘কোথায় যেতে চান’ জিজ্ঞেস করলে তারা উত্তর না দিয়ে তার পায়ে গুলি করে।বাড়িটির মালিক ব্যবসায়ী আবদুল বারেক। তিনি এলাকায় বারেক ইঞ্জিনিয়ার নামে পরিচিত। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ডাকাত শহীদ বাহিনীর পরিচয় দিয়ে খায়রুল নামে এক সন্ত্রাসী এক মাস আগে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। কয়েক দিন আগে বারেকের ল্যান্ডক্রুজার গাড়িতে গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। সর্বশেষ গতকাল তাঁর বাসার দারোয়ানকে গুলি করা হলো।এদিকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ৩৩ উত্তর যাত্রাবাড়ী বধূয়া টাইলস মার্কেটের সামনে বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে দুজন আহত হন। এর মধ্যে লিমন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আবুল কাশেম জানান, তিনি একটি ককটেল বিস্ফোরণের কথা শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।