শ্যামপুরে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগ নেতার রিমান্ড
রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক হারুন অর রশিদ হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা রায়হান ওরফে খোকনকে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রায়হান স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ডিবির পুলিশ পরিদর্শক রুহুল আমিন গতকাল রায়হানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কদমতলীর কমিশনার গলিতে একদল সন্ত্রাসীর হামলায় মোহাম্মদ উল্লাহ ও তাঁর গাড়িচালক খুন হন। এ ঘটনায় তুহিন ওরফে জাবেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি রায়হানের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হানকে রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আসামি রায়হানের পরিকল্পনায় একই দলের নেতা মোহাম্মদ উল্লাহকে হত্যা করা হয়। এ বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।