শ্যামপুরে রি-রোলিং মিলের কর্মকর্তা গুলিবিদ্ধ
রাজধানীর শ্যামপুরে গতকাল শনিবার সকালে আল-আমিন মেটাল অ্যান্ড রি-রোলিং মিলের মহাব্যবস্থাপক মাকছুদুর রহমান গাজী (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। মাকছুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, চাঁদাবাজির জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাকছুদ শ্যামপুর ফরিদাবাদের বাসা থেকে হেঁটে নিজের কর্মস্থল পোস্তগোলার করিমুল্লাহবাগে যাচ্ছিলেন। পথে পোস্তগোলা সুপার মার্কেটে পৌঁছালে তিন-চারজন অস্ত্রধারী যুবক তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর ঘাড়, বুক, পিঠ ও বাঁ হাতে লাগে। আহত মাকছুদের স্ত্রী শামীম আরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর মাকছুদুর দৌড়ে বাসায় চলে যান। ওই সময় তিনি ভয়ে কিছু বলতে পারছিলেন না। পরে অফিস ও স্থানীয় লোকজন খবর পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান।আল-আমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুম সিকদার জানান, ঘটনাস্থল থেকে মাকছুদুরের বাসার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। বাইরে গেলে মেরে ফেলা হবে এ ভয়ে তিনি হাসপাতালেও যেতে চাইছিলেন না। মাসুম সিকদার জানান, আহত মাকছুদ স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে ফরিদাবাদের বাসায় থাকেন। প্রায় ২৫ বছর ধরে তিনি আল-আমিন গ্রুপে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির কারণে এ হামলা হতে পারে।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, চাঁদাবাজি বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে।