শ্যামপুরের আলম হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
রাজধানীর শ্যামপুর থানার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় স্ত্রী সুমাইয়া কানিজ ওরফে সাগরিকাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আলী আশরাফ ওরফে লিটন, ইব্রাহীম, হিজড়া খলিল, আল আমিন ও খলিল শেখ। খালাসপ্রাপ্ত আসামি হলেন ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন মামলার শুরু থেকে পলাতক। গতকাল রায় ঘোষণার আগে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়, আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। রায় ঘোষণার সময় নিহত জাহাঙ্গীর আলমের বাবা ফিরোজ আলম ও তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর জাহাঙ্গীর আলমের স্ত্রী সাগরিকা ও অন্য আসামিরা জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করেন। নিহত জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে আসামি লিটন ও ইব্রাহীমের অবৈধ সম্পর্ক ছিল। এ কাজে বাধা দেওয়ায় আসামিরা জাহাঙ্গীরকে হত্যা করে। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফিরোজ আলম বাদী হয়ে শ্যামপুর থানায় হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহমেদ ও রায়হান মোরশেদ।