শ্যামবাজারে ব্যবসায়ী খুন
পুরান ঢাকার শ্যামবাজারে শাহ আলম শেখ (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে। শ্যামবাজারের জামাই মিয়ার আড়তে তিনি ব্যবসা করতেন। পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।সূত্রাপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গতকাল ভোরে ওই আড়তের পাশ থেকে ব্যবসায়ী আলমের লাশ উদ্ধার করা হয়। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।আড়তের কর্মচারীরা জানান, ভোররাতে চার-পাঁচজন দুর্বৃত্ত শাহ আলমকে মুখ বেঁধে আড়ত থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় শাহ আলম চিৎকার করলে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহত শাহ আলমের শাশুড়ি সাজেদা বেগম জানান, শাহ আলম কুষ্টিয়া থেকে কাঁচামাল এনে শ্যামবাজারে বিক্রি করতেন। ব্যবসায় কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।