শ্যামবাজারে শাহ আলম খুনের ঘটনায় গ্রেপ্তার ২
পুরান ঢাকার শ্যামবাজারে কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম শেখ খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সফিক (৩০) ও জুলহাস (৩২) নামো দুজনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শাহ আলমের খুনের সঙ্গে জড়িত সন্দেহে সফিক ও জুলহাসকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত শাহ আলমের পরিবারের সদস্যরা জানান, খুনের সঙ্গে জড়িত কয়েকজনের নামের তালিকা পুলিশের কাছে দেওয়া হয়েছে।গত বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম শেখ মারা যান।পানি ব্যবসায়ী আহত: এদিকে গত শুক্রবার পুরান ঢাকায় সন্ত্রাসী হামলায় পানি ব্যবসায়ী ও যুবলীগের নেতা মোয়াজ্জেম হোসেন আহত হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ঠান্ডা রিপন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।কোতোয়ালি থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পরদিন এলাকায় অভিযান চালিয়ে ঠান্ডা রিপনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।