শ্যামবাজারে ৮০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। সেই অভিযান শুরু হয় গতকাল বুধবার বেলা ৩টা ২০ মিনিটে। পুলিশের অভাবে সময়মতো অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানটি ছিল পুরান ঢাকার শ্যামবাজারসহ সদরঘাট টার্মিনালের পূর্ব দিকের এলাকায়।
বিকেলে শুরু হওয়া অভিযানে শ্যামবাজার ট্রানজিট শেডের কাছে ৪৯টিসহ ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের আগে যা ঘটেছে: গতকাল সকাল ১০টার কিছুক্ষণ আগে সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা শোনা যায়, ‘অবৈধভাবে যাঁরা দোকানঘর নিয়ে ব্যবসা করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। সময় থাকতে যাঁর যাঁর জিনিসপত্র গুটিয়ে নিন।’
সদরঘাট টার্মিনাল ভবনের নিচতলায় দেখা যায় প্রায় ১০০ শ্রমিক শাবল-হাতুড়ি নিয়ে প্রস্তুত। র্যা ব, আনসার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি—সবাই আছেন। কিন্তু পুলিশ নেই। জানা যায়, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও ভূমি কার্যালয়ের কর্মকর্তারা টার্মিনাল ভবনের দোতলায় ভিআইপি কক্ষে অবস্থান করছেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) শফিকুর রহমান বলেন, ‘আগেই ঢাকা মহানগর পুলিশ দপ্তরে যোগাযোগ করা হয়েছিল। সকাল সাড়ে আটটার দিকে ১০০ পুলিশ চাওয়া হয়। সূত্রাপুর থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পরে বলা হয়েছে, মিরপুর থেকে ৭৫ জন পুলিশ দেওয়া হবে। আমরা অপেক্ষা করছি।’
একপর্যায়ে বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ মিরপুরে পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা বিভাগে (সাবেক দাঙ্গা দমন বিভাগ) যোগাযোগ করে জানতে পারেন, গাড়ির অভাবে পুলিশ আসতে পারছে না। বন্দর কর্মকর্তা তাঁদের গাড়ি ভাড়া করে চলে আসতে বলেন। এলে ভাড়ার টাকা দিয়ে দেওয়া হবে। এতে কাজ না হওয়ায় টাকাসহ বিআইডব্লিউটিএর একজন কর্মীকে মোটরসাইকেলে পাঠানো হয়। এরই মধ্যে মাসুদ ট্রেডার্স নামের এক দোকানের মালিক মো. মাসুদসহ শ্যামবাজারের কয়েকজন ব্যবসায়ী এসে বলেন, উচ্ছেদের বিরুদ্ধে আদালত স্থগিতাদেশ দিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল কাগজ পরীক্ষা করে দেখেন।
উচ্ছেদ ও পরে কাঁটাতারের বেড়া: বেলা ৩টা ২০ মিনিটে অভিযান শুরু হয় সদরঘাট টার্মিনালের পূর্ব পাশে শ্যামবাজার এলাকায়। প্রথমেই শ্যামবাজার ট্রানজিট শেডের কাছের এক্সকাভেটর দিয়ে গাড়ি পার্কিংয়ের সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া হয়। এর আগে দুটি এক্সকাভেটর দেখে কিছু অবৈধ স্থাপনার মালিক নিজ উদ্যোগে তাঁদের মালামাল সরিয়ে নেন।
একে একে ভেঙে দেওয়া হয় টংঘর, টিনশেড দোকানঘর। এরপর শ্যামবাজার, লালকুঠি এলাকার তালিকাভুক্ত ৪৯টি স্থাপনাসহ ৮০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর লালকুঠি থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় ৪০০ গজ নদীর অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।