শ্যামবাজারের বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শ্যামবাজারের ময়লা-আবর্জনা বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। এতে ভরাট হয়ে যাচ্ছে নদীর অংশ। দূষিত হচ্ছে নদীর পানি ও পরিবেশ। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্যামবাজার বেড়িবাঁধের ওপর অবৈধভাবে বসেছে কাঁচামালের দেড় শতাধিক দোকান। এতে এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্যামবাজারের বর্জ্য বুড়িগঙ্গা নদীতে ফেলায় দূষণ আরও বাড়ছে। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। অবিলম্বে নদীতে ময়লা ফেলা বন্ধ করতে হবে। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। তবে নদী রক্ষার দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত বেড়িবাঁধ সড়ক দখল করে তৈরি করা হয়েছে কাঁচামালের দেড় শতাধিক অবৈধ দোকান। এই সড়কের উত্তর পাশেই শ্যামবাজার। বাজার ও বেড়িবাঁধ সড়কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্যের ওপর দিয়ে চলাচল করছে পথচারীরা। দরদাম করে কেনাকাটা করছেন ক্রেতারা। এসব অবৈধ দোকানপাটের কারণে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। বাজারের বর্জ্য সংগ্রহ করে কচুঘাটের পূর্ব পাশে ডিএসসিসির একটি কনটেইনারে ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। সড়কের বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে।

শ্যামবাজারসংলগ্ন ফরাশগঞ্জের স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন ও মোস্তাকিম বিল্লাহ বলেন, ৮-১০ বছর ধরে শ্যামবাজারের বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। এতে লাকীঘাট এলাকার প্রায় ২০ শতাংশ জায়গা ভরাট হয়ে গেছে। অবিলম্বে এর বিরুদ্ধে বিআইডব্লিউটিএ ও ডিএসসিসিকে ব্যবস্থা নিতে হবে।

শ্যামবাজার থেকে নিয়মিত কাঁচা সবজি কেনেন লক্ষ্মীবাজারের বাসিন্দা মো. শাহজালাল। তিনি বলেন, এই বাজারে কিছুটা কম দামে কেনাকাটা করা যায়। কিন্তু জিনিসপত্র নেওয়ার জন্য রিকশা পাওয়া যায় না। সড়ক দখল করে অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে।

ঝুড়িতে করে নদীতে ময়লা ফেলছিলেন পরিচ্ছন্নতাকর্মী লোকমান হোসেন। তিনি বলেন, কচুঘাটে কনটেইনার ময়লায় ভরে গেছে। তাই নদীতে আবর্জনা ফেলছেন তাঁরা। তাঁর মতো অন্য পরিচ্ছন্নতাকর্মীদেরও নদীতে আবর্জনা ফেলতে দেখা গেছে৷

স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ সড়ক দখল হয়ে যাওয়ায় এক যুগের বেশি সময় ধরে সদরঘাট থেকে পোস্তগোলায় যান চলাচল বন্ধ আছে। অথচ শ্যামবাজারে বেড়িবাঁধ সড়ক দখলমুক্ত ও সংস্কার করলে সদরঘাট থেকে পোস্তগোলায় যাতায়াত সহজ হতো। এতে সময়ও কম লাগবে।

এ বিষয়ে জানতে ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তবে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, নদীতে বর্জ্য না ফেলতে শ্যামবাজার মার্কেট সমিতিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তা মানছেন না। এখন পরিবেশ অধিদপ্তরকে জানিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।