‘শ্যামলী সিনেমা হলে আমরা নৌকাঘাট ব্যবহার করেছি’
‘অদুর অতীতে শ্যামলী সিনেমা হলে আমরা নৌকা ঘাট ব্যবহার করেছি। কল্যাণপুরে মাছ ধরেছি, বনানী গিয়েছি নৌকা নিয়ে। এসব বালু ফেলে শেষ করে দিয়েছে। সাত মসজিদ ঘাটও বন্ধ। এখন কেবল বুড়িগঙ্গা আছে, কিন্তু এর শাখা-প্রশাখা বিলুপ্ত।’
এভাবেই ঢাকার নদীপথগুলোর বন্ধ হওয়ার কথা স্মরণ করছিলেন রাজধানীর বছিলার বাসিন্দা বৃদ্ধ গেদু মাঝি। আজ মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা এবং তুরাগ নদের মিলনস্থলে মাদবরের ভিটায় নামক এক দ্বীপে নদীবিষয়ক এক অনুষ্ঠানে গেদু মাঝি এসব কথা বলেন।
নদীর সংযোগস্থলে গিয়ে অনুষ্ঠিত এই আলোচনার নাম দেওয়া হয়েছে ‘রিভার টকিজ’। ঢাকার নদী দূষণবিরোধী সচেতনতায় এই আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক শরীফ জামিল এই নদীকথার (রিভার টকিজ)-এর সঞ্চালনা করেন। তিনি নদী ও নদী সংশ্লিষ্ট মানুষের জীবন জীবিকার কথা তুলে ধরে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর সীমানা পিলার চিহ্নিত করে মধ্যবর্তী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদী ঢাকার প্রাণ, ঢাকা বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে।
শরীফ জামিল বলেন, গণমাধ্যমে প্রচলিত টক শো আয়োজনের বিপরীতে এসে নদী নিয়ে আলাপ করতে হবে নদীর কাছে এসে। এই রিভার টকিজের আরও অনেক পর্ব আয়োজন করে ঢাকার নদীর বিভিন্ন রকম সমস্যা চিহ্নিত করা হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে নদী তীরবর্তী ঢাকার নগরায়ন প্রক্রিয়া, ঢাকার নদীর ইতিহাস ও বৈশিষ্ট্য এবং বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর দূষণ এবং নগরীতে সেই দূষণের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান। বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ ও ইনোভেশন ফর পভার্টি অ্যাকশন বাংলাদেশের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সারাফ আনজুম, বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মানিক হোসেনসহ স্থানীয় মাঝি ও মৎস্যজীবীরা।