শ্যামলীতে দম্পতির টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর শ্যামলী এলাকায় গত রোববার এক দম্পতির কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করার অভিযোগে বখতিয়ার হোসেন (৩২) ও জায়েদ আলী (৩০) নামের দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে মোশাররফ হোসেন-সুমি আক্তার দম্পতির পাঁচ বছরের শিশু সামিউল নিখোঁজ হয় বলে তাঁদের অভিযোগ। গতকাল সোমবার সকালে দারুস সালাম থানার মাজার রোডের তার চাচাতো বোনের বাসায় শিশু সামিকে পাওয়া গেছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছিনতাইয়ের ঘটনাটি সাজানো। গণপিটুনির শিকার দুই যুবককে ঘটনার পরই গ্রেপ্তার করা হয়। তাঁরা মাদক ব্যবসায়ী এবং মোশাররফের পূর্ব পরিচিত। মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা সাজানো হয়েছে। শিশু সামির নিখোঁজ হওয়ার ঘটনাটিও রহস্যজনক।আগে মাদকদ্রব্য বেচার সঙ্গে জড়িত থাকলেও মোশাররফ হোসেন এখন ওই পথ থেকে সরে এসেছেন বলে প্রথম আলোর কাছে দাবি করেন। তিনি প্রথম আলোকে জানান, রোববার দুপুরে মিরপুরের পাইকপাড়ার বাসা থেকে তিনি তাঁর স্ত্রী সুমি ও শিশুসন্তান সামির জন্য কিছু কেনাকাটা করে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিন দুবৃর্ত্ত প্রাইভেট কার থেকে নেমে তাঁর স্ত্রীকে মারধর করে রাস্তায় ফেলে দেয়। তারা তাঁকে ও সামিকে গাড়িতে উঠিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসে। একপর্যায় সুমি শ্যামলীর বাঁশপট্টিতে দুর্বৃত্তদের গাড়ি আগলে দাঁড়ান। এরই মধ্যে স্থানীয় লোকজন প্রাইভেট কার থেকে নামিয়ে বখতিয়ার ও জায়েদকে পিটুনি দেয়। এর পরই সামি নিখোঁজ হয়। ওসি রিয়াজ হোসেন বলেন, গণপিটুনির শিকার দুই যুবকের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।