রাজধানীর শ্যামলীতে গত শুক্রবার দিবাগত রাতে একটি ভবনের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস বলেছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ভবনের মালিকের অভিযোগ, বকেয়া ভাড়া পরিশোধ না করার জন্য পোশাক কারখানার মালিকের লোকজন এ কাণ্ড ঘটিয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে শ্যামলী ওভারব্রিজ থেকে ২০০ গজ উত্তরে পাঁচতলা মমতাজ ম্যানশনের চতুর্থ তলায় এলএল নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। মুহূর্তেই চারতলা থেকে আগুন পাঁচতলায় ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আশপাশের আবাসিক ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ভবনের মালিক রওশন আরা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, তাঁরা তিন বোন ওই ভবনের মালিক। প্রায় পাঁচ বছর আগে সাইফুল ইসলামকে ভবনটির চার ও পাঁচতলা পোশাক কারখানার জন্য ভাড়া দেন। এরপর কয়েক মাস তিনি নিয়মমতো ভাড়া পরিশোধ করলেও তারপর আর করেননি। এতে তাঁর কাছে প্রায় ৪০ লাখ টাকা বকেয়া জমে গেছে।রওশন আরা বলেন, গত জানুয়ারি মাসে ভবনটি সংস্কারের জন্য একটি নির্মাণ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সবাইকে বকেয়া পরিশোধ করে জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সাইফুল ইসলামের বকেয়া টাকা পরিশোধ করে জায়গা খালি করার কথা ছিল।রওশন আরা অভিযোগ করেন, নিজেকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে ভাড়ার টাকা না দেওয়ার জন্য সাইফুল ইসলামের নির্দেশে তাঁর লোকজন আগুন লাগিয়েছে। এ ব্যাপারে তিনি আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছেন।বিষয়টি সম্পর্কে জানতে সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই প্রান্ত থেকে ‘এটি সাইফুল ইসলামের নাম্বার নয়, আপনি ভুল নাম্বারে করেছেন’ বলে ফোনটি রেখে দেওয়া হয়।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে পোশাক কারখানার মালিক ও ভবনের মালিক উভয়েই সাধারণ ডায়েরি করেছেন।