বেসরকারি আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। পরিবহনশ্রমিকদের সঙ্গে বচসা ও মারামারির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটান। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে মিরপুরের দারুসসালাম সড়কে আনসার ক্যাম্পের সামনে ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে ‘বাহন’ ও ‘ট্রান্স সিলভা’ নামের দুটি পরিবহনের শ্রমিকেরা আশা ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীকে মারধর করেন। ওই তিন শিক্ষার্থী অন্য একটি গাড়িতে করে শ্যামলীতে তাঁদের ইউনিভার্সিটিতে এসে সহপাঠীদের ঘটনা জানালে তাঁরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ ও যানবাহন ভাঙচুর শুরু করেন। গতকাল দুপুর দুইটার দিকে শ্যামলী শিশু মেলার বিপরীতে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা মিরপুর ১ নম্বর থেকে ছেড়ে আসা বাহন ও ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাস থামিয়ে চার পরিবহনশ্রমিককে নামিয়ে এনে আটকে রাখেন এবং বাস দুটিতে ভাঙচুর চালান। এরপর শিক্ষার্থীরা আটক করা চার পরিবহনশ্রমিককে পুলিশের হাতে তুলে দেন এবং আরও তিনটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল মারেন। পুলিশ লাঠিপেটা করলে দুইপক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। প্রায় এক ঘণ্টা ধরে এই অবস্থা চলে। এতে ১০ শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই সড়কে যান চলাচল শুরু হয়।আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী আরিফ আদনান প্রথম আলোকে জানান, মিরপুর আনসার ক্যাম্পের সামনে তিন শিক্ষার্থী ছাত্র পরিচয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাহন ও ট্রান্স সিলভা পরিবহনের কর্মীরা তাঁদের বাসে উঠতে দেননি। শিক্ষার্থীরা জোর করে বাসে উঠতে চাইলে তাঁদের মারধর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। ছাত্রদের মারধরকারী চার পরিবহনকর্মীকে পরে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পুলিশ তাঁদের ছেড়ে দেয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সে ব্যবস্থা নেওয়া হবে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ছুড়তে বাধ্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে পরিবহনমালিকদের সমঝোতা হওয়ায় এ ব্যাপারে থানায় মামলা হয়নি।