শ্যামলীর শিশুমেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাজধানীর বিনোদনকেন্দ্র শ্যামলীর ‘শিশু মেলা’ গতকাল সিলগালা করে দেয় l ছবি: প্রথম আলো
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাজধানীর বিনোদনকেন্দ্র শ্যামলীর ‘শিশু মেলা’ গতকাল সিলগালা করে দেয় l ছবি: প্রথম আলো

শ্যামলীতে অবস্থিত শিশুমেলা বিনোদনকেন্দ্রটি বন্ধ করে সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এক যুগেরও বেশি সময় ধরে পার্কটির ইজারা নিয়ে জটিলতা চলছে। গতকাল শনিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার শিশুমেলার দুটি ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, ১ দশমিক ৪০ একর জমিতে এ শিশুপার্কটি গড়ে উঠেছে। ১৯৮৫ সালে এটি পরিচালনার জন্য গণপূর্ত মন্ত্রণালয় সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। পরে নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার লক্ষ্যে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ইজারা দেওয়া হয়। মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ইজারা দেয় সিটি করপোরেশন। তিন বছরের ইজারামূল্য ছিল ১ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকা। এ চুক্তি আর নবায়ন করা হয়নি। এটি ছাড়াও গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কটিও একই প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছিল সিটি করপোরেশন।

২০০৫ সালে ইজারা চুক্তি বাতিল করে শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ওই বছরের একটি রিট পিটিশন মামলায় নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ কার্যক্রম সম্ভব হয়নি। পরে রিট পিটিশন মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু ইজারাদার ২০০৯ সালে আরেকটি রিট পিটিশন করেন। মামলাটি শুনানির তালিকাভুক্ত আছে। তবে পার্কটির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ নেই।

গতকাল শিশুমেলা সিলগালার সময় মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। মেয়র জানান, বিনোদনকেন্দ্রটি খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হবে।

আনিসুল হক বলেন, শহরের মাঝখানে এই জায়গাটি ২০০২ সাল থেকে দখল করে রাখা হয়েছে। প্রতি তিন বছরে মাত্র ১ লাখ ৪৫ হাজার টাকা ইজারা। ২০০২ সাল থেকে সেই ইজারার একটি টাকাও সিটি করপোরেশনকে দেওয়া হয়নি। মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তি এত বড় একটি পার্ক বছরের পর বছর তারা দখল করে রেখেছে। মামলার পর মামলা করেছে। আমরা মামলায় জয়ী হয়েছি। আজকে আমাদের, শিশুদের ও সাধারণ নাগরিকদের এই পার্ক পুনরুদ্ধার করলাম। এটা আর কাউকে দখল করতে দেওয়া হবে না।’

শিশুমেলায় ১৭টি ফ্যামিলি রাইড ও ৭০টি কিডস রাইড আছে। এ ছাড়াও শিশুমেলার ভেতরে খাবার, হস্তশিল্প পণ্য, রান্নাঘরে ব্যবহারের সামগ্রী বিক্রির ১০টি দোকান আছে। শিশুমেলার নিজস্ব কর্মকর্তা-কর্মচারী এবং দোকানের ব্যবসায়ী-কর্মী মিলিয়ে প্রায় ১০০ জন এখান থেকে জীবিকা চালান। হঠাৎ বন্ধ করে দেওয়ায় তাঁদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

শফিকুল ইসলামের হস্তশিল্পপণ্যের দোকান। তিনি প্রথম আলোকে বলেন, ‘হুট করে বন্ধ করে দিল। কালকেও বেচাকেনা করেছি। এক মাস আগে বললেও কিছু করা যেত। সিটি করপোরেশন পার্ক  মালিকপক্ষকে কিছু জানিয়েছে কি না, জানা নেই। তবে দোকানমালিকেরা কিছু জানত না।’

গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই সন্তানদের নিয়ে এখানে এসেছিলন। পার্ক বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। নাজমুন নাহার তাঁর দুই ছেলেক নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘ঢাকায় ঘোরার জায়গা নেই। পার্কটা বন্ধ করা ঠিক হয়নি। তাড়াতাড়ি খুলে দেওয়া উচিত।’ প্লে শ্রেণিতে পড়ুয়া রায়ান বলল, পার্কে ঢুকতে না পেরে মন খারাপ হয়েছে।

পার্কটি সিলগালা করে সিটি করপোরেশনের লোকজন চলে যাওয়ার পর সেখানে উপস্থিত হন ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস ব্যবস্থাপনা পরিচালক জি এম মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘১৯৯০ সালে সিটি করপোরেশনের কাছ থেকে পার্কটি ইজারা নেওয়া হয়। তিন বছর পরপর নবায়ন হওয়ার কথা। ২০০৩ সালের পর আর নবায়ন করেনি। আদালত নতুন করে নবায়ন করতে বললেও সিটি করপোরেশন করেনি। বেআইনিভাবে আছি এটা কেউ বলতে পারবে না।’