শ্যালকের খোঁজে গিয়ে নিজেই নিখোঁজ, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ শ্যালকের খোঁজ নিতে গিয়ে এক মাস আগে অপহূত হন মনির হোসেন। গত শুক্রবার আজিমপুরে নিজ বাসার সামনেই তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অবশ্য তাঁর শ্যালকের এখনো কোনো খোঁজ মেলেনি। পারিবারিক সূত্র জানায়, গত বছরের ১২ নভেম্বর মনির হোসেনের শ্যালক জাহাঙ্গীর হোসেন চাঁদপুরের চন্দবাজারে যাওয়ার পথে নিখোঁজ হন।মনির হোসেন জানান, শ্যালক জাহাঙ্গীর নিখোঁজ হওয়ার ঘটনায় গত ১৬ নভেম্বর চাঁদপুর ও রাজধানীর লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। র্যাব-১১-এর কার্যালয়েও লিখিত অভিযোগ করা হয়। পরে মনিরের বন্ধু সাইফুল ইসলাম তাঁকে জানান, জাহাঙ্গীরের খোঁজ পাওয়া গেছে। অপহরণকারীদের এ জন্য ১০ লাখ টাকা দিতে হবে। বিষয়টি পুলিশকে না জানাতে অনুরোধ করেন সাইফুল। মনির আত্মীয়স্বজনের কাছ থেকে নয় লাখ ৫০ হাজার টাকা ঋণ করেন। গত ২৫ জানুয়ারি তিনি টাকা দিতে বের হন। এরপর সাইফুল ও জাহাঙ্গীর নামের দুই যুবক তাঁকে অপহরণ করে। গত শুক্রবার রাতে তাঁকে বাসার সামনে ফেলে দিয়ে যায়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, বিষয়টির তদন্ত চলছে।