
এর আগে অনেকবার তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে। এখানে নানা আয়োজনে তাঁর ছিল সরব উপস্থিতি। আবৃত্তিকার, মুক্তিযোদ্ধা কাজী আরিফ গতকাল এসেছিলেন স্বজন, সহশিল্পীদের কাঁধে কফিনবন্দী হয়ে। ছিলেন নীরব নিথর। ফুলে ফুলে ভরে গিয়েছিল তাঁর কফিন।
কৈশোরে যে দেশের জন্য তিনি জীবন বাজি রেখে লড়েছিলেন, সে দেশের লাল-সবুজ পতাকায় আবৃত করে দেওয়া হলো রাষ্ট্রীয় সম্মান। শিল্পের জন্য লড়ে যাওয়া মানুষটিকে জানানো হলো অকৃত্রিম ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। আজ বুধবার জোহরের নামাজের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। মঙ্গলবার সকাল পৌনে নয়টায় কাজী আরিফের মরদেহবাহী উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে। সেখান থেকে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের পক্ষ দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শিরিন আখতার। শ্রদ্ধা জানাতে আসেন রামেন্দু মজুমদার, আশরাফুল আলম, ফকির আলমগীর, নাসির উদ্দীন ইউসুফ, কাজী মদিনা, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমূল মুস্তাফা প্রমুখ। সাংগঠনিক ও প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, কণ্ঠশীলন, মহিলা আওয়ামী লীগ, মহিলা পরিষদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, উদীচী, ঋষিজ, প্রাচ্যনাট্য, মুক্তকণ্ঠ, জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ প্রভৃতি।