শ্রবণযন্ত্র পেল ৫০০ শিশু

কথা অস্পষ্ট। তারপরও ওরা হাত নেড়ে অভিনয় করে ছড়া আবৃত্তি করল। কবিতা শোনাল। নাচল। এই শিশুরা একসময় কোনো কথা বলতে পারত না। এখন কানে শোনে। কথা বলা শিখছে। এই শিশুরাই পেতে যাচ্ছে কানের অত্যাধুনিক বিশেষ যন্ত্র।
গতকাল রোববার রাজধানীতে ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী সেন্টারে ‘গিফট ফর হিয়ারিং’ শীর্ষক অনুষ্ঠানে এই শিশুদের নানান আয়োজন উপভোগ করেন অতিথিরা। অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সহায়তায় আমেরিকার স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন বাংলাদেশের শিশুদের শ্রবণ সমস্যা নিয়ে কর্মরত সোসাইটি ফর অ্যাসিসটেন্স টু হিয়ারিং ইমপেয়ার্ডচিলড্রেন (সাহিক), হাই কেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ৫০০ শিশুকে বিনা মূল্যে বিশেষ যন্ত্র দেওয়াসহ পুরো প্রক্রিয়ায় সহায়তা করছে। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের দুই কানে বিশেষ মোল্ডবসানো। আগামী দুই দিন তাদের কানে বিশেষ যন্ত্র লাগানো হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হিয়ারিং ফান্ডের অ্যাম্বাসেডর জো মিলন। ১৯৭৪ সালে জন্মের পর মাত্র ১৬ মাস বয়সে ধরা পড়ে জো কানে শুনতে পান না এবং এ সমস্যা কখনোই ভালো হবে না। তারপর ২০১৪ সালে নার্ভের সঙ্গে বিশেষ যন্ত্র (ককলিয়ার ইমপ্ল্যান্ট) লাগানোর পর তিনি প্রথম শব্দ শুনতে পান। তিনিই এখন শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অ্যাম্বাসেডর।
বাংলাদেশে প্রথমবার আসা জো মিলনও অনেকটা অস্পষ্ট উচ্চারণে বলেন, বাংলাদেশের শ্রবণপ্রতিবন্ধী শিশুদের নিয়ে অনেক কিছু করার আছে। ভবিষ্যতেও তিনি এই শিশুদের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশুদের পরিবেশনা দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ওরা একদিন অনেক বড় কিছু হবে। সমাজে অনেক অবদান রাখবে। ৫০০ শিশুকে বিনা মূল্যে শ্রবণযন্ত্র বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের প্রেসিডেন্ট কানিজ ফাতেমা, সাবেক প্রেসিডেন্ট লুৎফুর আর চৌধুরী, চেয়ারপারসন লডিল কে ফয়েজ, সাহিকের অনারারি জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।