শ্রম আইন সংশোধন নিয়ে গণশুনানি চলছে
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর অধিকতর সংশোধনকল্পে তিন দিনব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন গতকাল শনিবার সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম বৈঠকে সভাপতিত্ব করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এ গণশুনানির আয়োজন করে।শুনানিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পোশাক কারখানার মালিকদের সংগঠন, ক্রেতা সংগঠন ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং, ফ্রান্সের অর্থনীতিবিষয়ক কাউন্সিলর এরিক ব্লাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জন ড্যানিলোভিচ শ্রম আইনের সংশোধনী বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। বৈঠকে বক্তারা বাংলাদেশের সংবিধান ও আইএলও কনভেনশনের আলোকে মালিক ও শ্রমিকদের মধ্যে বৈষম্যমূলক আইনের ধারা অবলুপ্তির দাবি জানান।বৈঠকে মালিকদের জন্য ঢালাওভাবে শাস্তির বিধান না রাখার এবং ট্রেড ইউনিয়নসহ অন্য বিষয়গুলো একসঙ্গে চালু না করে সহনীয়ভাবে পর্যায়ক্রমে চালু করার সুপারিশ করা হয়। তথ্য বিবরণী।