রাজধানীতে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, প্রবাসী নারী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় দূতাবাসের শ্রম কর্মকর্তাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রবাসী নারীরা যেন নিপীড়ন ও নির্যাতনের শিকার না হন, সে জন্য নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
‘নারী অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় শ্রম কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক নীতিনির্ধারণী এ সভা গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের যোগাযোগের নম্বর রাখার জন্য একটি সফটওয়্যার চালু, দূতাবাসে আশ্রয়কেন্দ্র করা, সার্বক্ষণিক যোগাযোগের জন্য নম্বর চালু রাখা, বিদেশে পাঠানোর আগে ভাষা শিক্ষা ও দক্ষতা বাড়ানোসহ বিভিন্ন সুপারিশ করেন।
সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ‘নারী-পুরুষ সবার জন্যই নিরাপদ অভিবাসন করতে হবে। তবে নারীরা যেহেতু বেশি সংকটে থাকে, বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোতে, কাজেই সেখানে বেশি মনোযোগ দিতে হবে। একজন নারীও যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হন। শ্রম কর্মকর্তাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে।’
সভার সভাপতি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন্নাহার বলেন, ‘বিদেশে এখন সাড়ে তিন লাখ নারী শ্রমিক কর্মরত আছেন। যেসব নারী বিদেশে যেতে চান, তাঁদের বেশির ভাগেরই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে। তাঁদের কাজ দরকার। কাজেই আমরা তাঁদের পাঠানো বন্ধ করতে পারি না। তবে আমরা ২৫ বছরের নিচে কাউকে যেতে দিচ্ছি না। যাঁরা ২১ দিনের প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, তাঁরা সেভাবে নির্যাতিত হচ্ছেন না। এই প্রশিক্ষণের মেয়াদ আরও বাড়াতে হবে।’
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওম) বাংলাদেশ প্রধান শরৎ দাস বলেন, প্রবাসী নারী কর্মীদের নির্যাতন-নিপীড়নের বিষয়টি আমরা জানি। বুদ্ধিমত্তার সঙ্গে বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের অধিকারের জন্য কাজ করতে হবে শ্রম কর্মকর্তাদের।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রতিটি দূতাবাসের কর্মকর্তাদের ভালো কাজগুলো নিয়ে একটি নির্দেশনা বানাতে হবে, যাতে সেখান থেকে সবাই শিখতে পারেন। সবার যোগাযোগের জন্য একটি সফটওয়্যার বানানো যেতে পারে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, বাংলাদেশের একটি মেয়েও যেন বিদেশে নির্যাতন বা নিপীড়নের শিকার না হন, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সাবেক শ্রম কর্মকর্তা এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব সেলিম রেজা, দুবাইয়ের সাবেক শ্রম কাউন্সেলর নাসরিন জাহান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোহরা আক্তার।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক সারোয়াত বিনতে ইসলাম, বেসরকারি সংস্থা অকুপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, ওয়ারবির সমন্বয়ক জেসিয়া খাতুনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।