ঈদের ঠিক দু-এক দিন আগে ঢাকা থেকে অনেকেই গ্রামের বাড়ি ফেরেন রাজধানীর বিভিন্ন সিটি বাসে করে। নগরে চলাচলকারী এই বাসগুলো তখন দেখা যাবে বিভিন্ন মফস্বল শহরে। নানা পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরাই প্রধানত এসব বাসে করে বাড়ি ফেরেন। তবে যাঁরা ঈদের টিকিট পান না তাঁরাও দলবেঁধে বাড়ি ফেরার জন্য সিটি বাস ঠিক করেন।গুলিস্তান থেকে ধামরাই গন্তব্যের ৬ নম্বর বাসের কন্ডাক্টর রমজান আলী কয়েক বছর ধরে ঢাকার বাইরে বাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে যান। তিনি জানান, ‘ঈদের আগের দিনই ঢাকা থ্যাইক্যা বেশি যাই। দ্যাশের মেলা জায়গায় গেছি। তয় উত্তরাঞ্চলেই বেশি যাওয়া পড়ে।’নগরের বিভিন্ন সিটি বাসের চালক ও কন্ডাক্টরদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের কয়েক দিন আগে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ তাঁদের কাছে এসে বিভিন্ন গন্তব্যে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করে। বিশেষ করে একই এলাকায় বসবাসকারী গার্মেন্টস শ্রমিক, দিনমজুর বা দোকানের শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ এসব বাস ঠিক করেন।মিরপুরের ওপেক্স গার্মেন্টসের শ্রমিক আকলিমা বেগম জানান, তাঁর বাড়ি সিরাজগঞ্জে। দুই বছর ধরে ঢাকায় থাকেন। একই এলাকার আরও অনেকে মিলে ঈদের আগের দিন একটি আট নম্বর বাস ভাড়া করে বাড়ি ফিরবেন। আকলিমা বলেন, ‘চেয়ারকোচে যাইতি মেলা টেকা লাগে। অরচেয়ে লোকাল বাসই তো ভালা। এইটা হইলো গরিবের বাস। বইয়া বইয়া কম টেকায় যাইতি পারি।’সিটি বাস মালিকেরা জানান, ঈদের আগে দেশের বিভিন্ন স্থানে গেলেও উত্তরাঞ্চলে এই বাসের চাহিদা থাকে সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের বেশির ভাগই আসে ওই অঞ্চল থেকে। সেখানে ফেরার জন্য পরিবহন ব্যবস্থা কম ও ব্যয়বহুল হওয়ায় ঈদের আগে বাসগুলোর চাহিদা বাড়ে।বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, ঈদের সময় অপেক্ষাকৃত ভালো বাসগুলোতে সর্বনিম্ন ভাড়া ৫০০ টাকা থেকে শুরু হয়। দূরত্ব ভেদে দামেরও তারতম্য হয়।সিটি বাসে বাড়িতে যাওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীতে চলাচলকারী বিভিন্ন মিনিবাসে ৩৫ থেকে ৪০ জন যাত্রী যেতে পারেন। একসঙ্গে অনেক চুক্তিভিত্তিক বাস ভাড়া করেন, তাই ভাড়াও অনেক কম পড়ে।আট নম্বর গন্তব্যের দুটি বাসের মালিক বোরহান উদ্দিন বলেন, যেসব এলাকায় যেতে সিএনজি গ্যাস পাওয়া যায় সেসব এলাকায় কিছুটা কম টাকাতেও যাওয়া যায়। কিন্তু তেলে চললে খরচ বেশি পড়ে।ঈদে বিভিন্ন গন্তব্যে এই বাসগুলোর সঙ্গে চালক ও কন্ডাকটররাও সেই এলাকায় ঈদ করেন। বাসের চালক ইব্রাহীম খলিল জানান, ঈদে যাঁদের তিনি নিয়ে যান তাঁদের বাড়িতেই ঈদ করতে হয়। কখনো গন্তব্যে পৌঁছাতে রাস্তায় ঈদ করতে হয়।