শ্রমিক ও শিল্পসহায়ক শ্রম আইনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইনের অসংগতি দূর করে শ্রমিক ও শিল্পবান্ধব শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একটি মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণেরও দাবি জানিয়েছে তারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, শ্রম আইন প্রণয়নে একটি ত্রিপক্ষীয় (মালিক, শ্রমিক, সরকার) কমিটি থাকলেও এর অন্তর্ভুক্ত ১০ শ্রমিক প্রতিনিধিকে সম্পৃক্ত করা হয়নি। সরকারকে নির্বাচনী অঙ্গীকার পূরণসহ শ্রমিকদের অধিকার বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা। সংগঠনের সভাপতি আমিরুল হক লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, শ্রম আইনের ৩০৬ ও ৩০৭ ধারা পরিবর্তনের মধ্য দিয়ে একটি অসামঞ্জস্যতা তৈরি করা হয়েছে। ৩০৭ ধারা লঙ্ঘন করলে তিন মাস জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান থাকলেও তা পাল্টে শুধু পাঁচ হাজার টাকা জরিমানা রাখা হয়েছে। এতে মালিকপক্ষ আইন লঙ্ঘনে উত্সাহিত হতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ডিসেম্বর পর্যন্ত সাতটি শ্রম আদালতে সাত হাজার ৮৪৯টি মামলা রয়েছে। এর মধ্যে মালিকপক্ষ মাত্র ৪১টি মামলা করেছে। অবশিষ্ট মামলা করা হয়েছে মালিকপক্ষের বিরুদ্ধে। ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শাফিয়া পারভীন, ফারুক খান, নুরুন নাহার, সুলতানা আক্তার, আনোয়ার পারভেজসহ ফেডারেশনের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।