শ্রমিকদের জন্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি
ঘোষিত বাজেটে শ্রমিক-কর্মচারী-মেহনতি মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। স্কপের নেতারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক-কর্মচারীরা হলেও বাজেটে তাঁদের, তথা মেহনতি মানুষের উন্নয়নে কোনো দিকনির্দেশনা নেই। গতকাল শনিবার এক বিবৃতিতে এই অভিযোগ জানিয়ে স্কপ নেতারা বাজেটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও দিকনির্দেশনার দাবি জানান। বিবৃতিতে বলা হয়, নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম অব্যাহতভাবে বাড়ার কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি প্রতিনিয়ত কমছে। এ কারণে স্কপ বলে আসছে, প্রতিবছর যে পরিমাণ মুদ্রাস্ফীতি বাড়বে বা জিনিসপত্রের দাম বাড়বে, তার সঙ্গে সংগতি রেখে মহার্ঘভাতা চালুর জন্য বাজেটে আর্থিক বরাদ্দ থাকতে হবে। এর ফলে দীর্ঘ ব্যবধানে মজুরি বা বেতন নির্ধারণ করলেও একদিকে হঠাৎ করে মালিকদের ওপর যেমন চাপ পড়বে না, তেমনি শ্রমিক-কর্মচারীদের প্রকৃত মজুরি যাতে কমে না যায়, তা রক্ষা করা সম্ভব হবে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন শ্রমিকনেতা আবদুল মতিন মাস্টার, জাফরুল হাসান, শহিদুল্লাহ চৌধুরী, শাহ মো. আবু জাফর, মেজবাহ উদ্দিন আহমদ, রায় রমেশ চন্দ্র, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।