শ্রমিকেরা বাঁচার মতো ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামে। আর তখনই বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বানচাল করার জন্য কোনো পক্ষ শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তার মানে শ্রমিকদের কোনো দাবি দাওয়া নেই। যুদ্ধাপরাধীদের ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।গতকাল বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত পোশাক শ্রমিকদের দাবির ন্যায্যতাবিষয়ক জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপের সভাপতি পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে উসকানিদাতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে এ ধরনের অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ করছে। কমিউনিস্ট পার্টির নামে অপপ্রচার চালাচ্ছে। যে সরকার যুদ্ধাপরাধীদের বিচারে ১৬ মাস সময় নেয়, বারবার হোঁচট খায়, তাদের মুখে কমিউনিস্ট পার্টিকে উসকানিদাতা বলা শোভা পায় না।অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মালিকেরা শতকরা ১০ ভাগেরও কম আয় শ্রমিকদের মজুরি বাবদ খরচ করছেন। শ্রমিকেরা কেন আন্দোলনে নামে তার কারণ অনুসন্ধান করা হয় না। শ্রমিকদের প্রতিবাদকে ঢেকানোর জন্য যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংলাপে প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক মুজাফ্ফর আহমদ বলেন, শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য এ শিল্পে কোনো সিস্টেম গড়ে ওঠেনি। লাখ লাখ মেয়ে এ শিল্পে কাজ করলেও তাঁদের পরিবারের দারিদ্র্য কমেনি। সংলাপের মূল বক্তব্যে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, মালিকদের কৌশল হচ্ছে লোভী পুঁজিপতিদের মতো, যাঁরা পারলে হাঁসটাকে একেবারে মেরে সব ডিম পকেটে রাখতে পারলেই খুশি হন। ন্যূনতম মজুরি তিন হাজার টাকা হলেও মালিকদের শোষণের হার ১০০ শতাংশই থাকবে। তিনি এ শিল্পে সুস্থ ট্রেড ইউনিয়ন চালু করার বিষয়টিতে গুরুত্ব দেন।আলোচনায় আইনজীবী শাহদীন মালিক বলেন, আইনে আলাপের জায়গা ক্রসফায়ারের মাঝে হারিয়ে গেছে। আর পোশাকশিল্পেও মালিক-শ্রমিকের আলাপের সুযোগ তৈরি হয়নি। শ্রমিক গবেষক বীণা শিকদার বলেন, শ্রমিকদের পক্ষে দাঁড়ালে দেশদ্রোহী বা বিদেশের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে।