শ্রমিকনেতা মন্টু ঘোষ জামিনে মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য, শ্রমিকনেতা মন্টু ঘোষ পুলিশের কাজে বাধাদান, শ্রমিকদের উসকানি প্রদান ও ভাঙচুরের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হক গুলশান থানার একটি মামলায় জামিনের আদেশ দিলে তিনি মুক্তি পান। এর আগে উচ্চ আদালত থেকে পৃথক নয়টি মামলায় তিনি জামিন নেন। কিন্তু গুলশান থানার মামলায় জামিন না হওয়ায় এত দিন কারাগারে আটক ছিলেন। গত ৩০ জুলাই মন্টু ঘোষকে গ্রেপ্তার করা হয়।গুলশান, তেজগাঁও শিল্পাঞ্চল ও আদাবর থানায় দায়ের করা পৃথক ১০টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গুলশান থানার মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। তবে অন্য মামলাগুলোতে বিভিন্ন দফায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।গতকাল মন্টু ঘোষের আইনজীবী মকবুল আহমেদ জামিনের শুনানি করেন। তিনি আদালতকে বলেন, আসামি মণ্টু ঘোষ একজন শ্রমিকনেতা। পাশাপাশি তিনি একজন আইনজীবীও। গত ৩০ জুন মধ্যরাতে নারায়ণগঞ্জের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। তাঁর বিরুদ্ধে করা আরও নয়টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তাঁকে জামিন দেওয়া হলে পালানোর সম্ভাবনা নেই। আইনজীবী মকবুল আহমেদকে সহযোগিতা করেন আয়নুন নাহার সিদ্দিকা।গত জুলাই মাসে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও শ্রমিকনেতাদের উসকানি দেওয়ার অভিযোগে রাজধানীর তিনটি থানায় তাঁর বিরুদ্ধে ১০টি মামলা করা হয়।