শ্রীঘরে প্রতারক
ঢাকা আইনজীবী সমিতির সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে লোকজনকে প্রতারণা করছিলেন আবদুল বারী। বিষয়টি ফাঁস হয়ে গেলে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, আবদুল বারী আইনজীবী পরিচয় দিয়ে এ কে আজাদের কাছে তাঁর একটি মামলার রায় স্বপক্ষে করিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী এ কে আজাদ ৬০ হাজার টাকাও দিয়ে দেন। কিন্তু ধার্য তারিখে মামলার রায় না হওয়ায় বাদী অন্য আইনজীবী নিয়োগ করেন এবং একপর্যায়ে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। তিনি জানতে পারেন, আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় এ কে আজাদ বাদী হয়ে আবদুল বারী, ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতের পেশকার ফজলুর রহমান, স্টেনো মুশফিকুর রহমান ও পিয়ন কালাম এবং ওমেদার মোতালেবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন।