পুরান ঢাকার প্যারিদাস রোডে রাস্তার ওপরই বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র তিনটি শ্রেণীকক্ষ নিয়ে চলছে বিদ্যালয়টির শিক্ষাদান। প্রথম কক্ষটিতে সাতটি বেঞ্চ থাকলেও বাকি দুটির একটিতেও ছয়টির বেশি বেঞ্চ রাখার জায়গা নেই। এর মধ্যেই ক্লাস করছে শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১০৯ জন। তাদের জন্য বিদ্যালয়ের নিজস্ব কোনো টয়লেট নেই। নেই পানির ব্যবস্থাও। নিজস্ব বিদ্যুতের মিটার না থাকায় পাশের এক বাসা থেকে লাইন নিয়ে বাতি ও পাখা চালানো হয়। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় চার্জার লাইট জ্বালিয়ে ক্লাস নেন শিক্ষকেরা। গত সোমবার বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, চার্জার লাইট জ্বালিয়ে তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষক সুমনা দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় প্রতিদিনই চার্জার লাইট জ্বালিয়ে ক্লাস নিতে হয়। প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের পড়ায় মন বসে না। তার পরও ক্লাস নিই। এ কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে আসাও বন্ধ করে দিয়েছে।’ তিনি জানান, বছরের শুরুতে ২৩ জন শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিল। কিন্তু এখন আছে ১৭ জন। জানা যায়, স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্র দাস ১৯৪০ সালে নিজ জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তখন এটি পরিচিত ছিল ‘জগদীশ বাবুর পাঠশালা’ নামে। ১৯৭৩ সালে পাঠশালাটি সরকারীকরণ করে তিন কক্ষবিশিষ্ট এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টিতে নিজস্ব বিদ্যুৎ কিংবা পানির সংযোগ দেওয়া হয়নি। শ্রেণীকক্ষ-সংকটের কারণে দুই শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেন শিক্ষকেরা। সকাল সোয়া নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর পাঠদান করা হয়। দুপুর সোয়া ১২টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান করা হয়। বিদ্যালয়ে শিক্ষক-সংকটও রয়েছে। শিক্ষকের পাঁচটি পদ থাকলেও আছেন চারজন। এত সীমাবদ্ধতার পরও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। ২০০৯ সালে অনুষ্ঠিত পঞ্চম বর্ষ সমাপনী পরীক্ষায় আটজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তিনজন প্রথম বিভাগ এবং পাঁচজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ২০০৬ সালে একজন ছাত্র সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তিও পেয়েছিল। শিক্ষকেরা জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব সুবিধাই আমরা পাই। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব পানির লাইন, বিদ্যুতের মিটার এবং টয়লেট প্রয়োজন। টয়লেট নির্মাণ ও বিদ্যুতের মিটার বসানোর সরকারি উদ্যোগের কথা দু-একবার শোনা গেলেও তা হয়নি। এসব কারণে কিছুদিন ক্লাস করার পর শিক্ষার্থীরা চলে যায়।